খাটিয়ায় ১৫ টুকরো করা হয় মরদেহ

ফুলবাড়িয়ায় কাস্টমস কর্মী খুন

| শুক্রবার , ২৮ আগস্ট, ২০২৬ at ৬:১০ পূর্বাহ্ণ

ময়মনসিংহের ফুলবাড়িয়ায় কাস্টমস সিপাহী রাকিব রায়হান হত্যা মামলায় দুই আসামিকে গ্রেপ্তার করেছে পুলিশ। গতকাল বৃহস্পতিবার বিকালে তাদের আদালতে তোলা হয়েছে বলে ময়মনসিংহ জেলা পুলিশের কার্যালয় থেকে পাঠানো এক সংবাদ বিজ্ঞপ্তিতে অতিরিক্ত পুলিশ সুপার (অর্থ ও প্রশাসন) আব্দুল্লাহ আল মামুন এ তথ্য জানান। গ্রেপ্তাররা হলেনফুলবাড়িয়া উপজেলার সোয়াইতপুর গ্রামের ফজলুল হক মির্জার ছেলে মো. রাজু মির্জা (২২) ও অনন্তপুর গ্রামের সুরুজ মির্জার ছেলে মো. সোহেল মির্জা ওরফে জিতুল (২০)। তাদের মধ্যে রাজু নিহত রাকিব রায়হান তালুকদারের বাড়ির কেয়ারটেকার ছিলেন। খবর বিডিনিউজের।

সংবাদ বিজ্ঞপ্তিতে জানানো হয়, রায়হানকে দুধের সঙ্গে ঘুমের ওষুধ পান করানো হয়। এতে রাকিব রায়হান ঘুমিয়ে পড়লে মাথায় বড় লোহা রড় দিয়ে আঘাতে হত্যা করে পরে টয়লেটে নিয়ে গরুর মাংস কাটার খাটিয়ায় ফেলে মরদেহ ১৫ টুকরা হয়। ৪০ বছর বয়সী নিহত রাকিব রায়হান ফুলবাড়িয়া উপজেলার সোয়াইতপুর গ্রামের ছিদ্দিক তালুকদারের ছেলে এবং ঢাকার কমলাপুরে কাস্টমসের নিরাপত্তা শাখায় সিপাহী হিসেবে কর্মরত ছিলেন। তিনি প্রতি সপ্তাহের বৃহস্পতিবার বাড়িতে আসতেন এবং শনিবার কর্মস্থলে চলে যেতেন। এরই মধ্যে গত ২৪ জুলাই বিকাল ৫টা থেকে ৫টা ২০ মিনিটের মধ্যে তিনি নিজ ঘর থেকে নিখোঁজ হন। এরপর থেকে তার কোনো সন্ধান পাওয়া যায়নি। নিখোঁজের পর আত্মীয়স্বজন ও কর্মস্থলে যোগাযোগ করলেও তার কোনো খোঁজ মেলেনি। তিনদিন পর ২৭ জুলাই তার বড় ভাই নুরুল ইসলাম বাদী হয়ে ফুলবাড়িয়া থানায় একটি সাধারণ ডায়েরি করেন। পরে গত ২ আগস্ট ফুলবাড়িয়া উপজেলার এনায়েতপুর গ্রামে পরিত্যক্ত খাল থেকে তিনটি ব্যাগে রাকিব রায়হানের ১৫ টুকরা মরদেহ উদ্ধার করে পুলিশ। এ ঘটনায় নিহতের ভাই নুরুল ইসলাম বাদি হয়ে গত ৪ আগস্ট ফুলবাড়িয়া থানায় হত্যা মামলা দায়ের করেন। ময়মনসিংহ অতিরিক্ত পুলিশ সুপার আব্দুল্লাহ আল মামুন বলেন, বুধবার দুপুরে গ্রেপ্তার আসামিদের দেখানো তথ্য মতে হত্যায় ব্যবহৃত একটি চাপাতি, একটি লোহার রড, তিনটি ছুরি, গরুর মাংস কাটার একটি কাঠের খাটিয়া, রক্তমাখা পাঞ্জাবি জব্দ করা হয়। ওইদিন রাত দুইটার দিকে মৌলভীবাজার জেলার শ্রীমঙ্গল থানার শ্রীমঙ্গল রেলওয়ে স্টেশন এলাকা থেকে তাদের গ্রেপ্তার করে পুলিশ।

পূর্ববর্তী নিবন্ধঢাকার হত্যা মামলার প্রধান হোতা কক্সবাজারে গ্রেপ্তার
পরবর্তী নিবন্ধপতেঙ্গায় ১ হাজার বস্তা সিমেন্ট ও ২৮০ বস্তা সার উদ্ধার