খাগড়াছড়িতে সাবেক বিডিআর সদস্যের লাশ উদ্ধার

খাগড়াছড়ি প্রতিনিধি | শনিবার , ১৪ নভেম্বর, ২০২৬ at ১২:৪৬ অপরাহ্ণ

খাগড়াছড়ির রামগড়ে সীমান্তে অংথেপ্রু মারমা (৬৬) নামে এক বাংলাদেশীর রক্তাক্ত মরদেহ উদ্ধার করা হয়েছে।  

আজ শনিবার সকাল ১০টার দিকে তার লাশ উদ্ধার করে পুলিশ। অংথেপ্রু মারমা রামগড়ের সীমান্তবর্তী ফেনীরকূল এলাকার বাসিন্দা ও বিডিআরের (বর্তমান বিজিবি) প্রাক্তন সদস্য বলে জানা গেছে।

স্থানীয় লোকজন ও স্বজনরা জানান, অংথেপ্রু মারমা গতকাল শুক্রবার বেলা ২টার দিকে গরুর ঘাস সংগ্রহ করতে বাড়ি থেকে বের হন। রাত সাড়ে ৯টায়ও তিনি বাড়ি না ফেরার কারণে খোঁজাখুজি শুরু করেন স্বজনরা।

তার ছেলে থৈ অংগ্য মারমা আজাদীকে বলেন, সম্ভাব্য সব জায়গায় খোঁজ করে সন্ধান না পাওয়ার পর রাত ১০টার দিকে খবরটি স্থানীয় বিওপির বিজিবিকে জানানো হয়। পরে বিজিবিও তার খোঁজখবর নিতে শুরু করে।

থৈঅংগ্য বলেন, শনিবার ভোর বেলা থেকে পুনরায় তারা নিখোঁজ পিতার সন্ধান শুরু করেন। পরে সকাল সাড়ে ৮টার দিকে ফেনীরকূল এলাকায় সীমান্তবর্তী ফেনী নদীর পাড়ে ঘাসের বস্তাটি দেখতে পান তারা। পরে আশপাশে খুঁজতে গিয়ে নদীর পানিতে ডুবন্ত অবস্থায় তার মরদেহ পাওয়া যায়। তিনি আরও বলেন, ‘বাবার কপালে জখমের চিহ্ন আছে এবং তখনও রক্তক্ষরণ হচ্ছিল।’

ফেনী নদীর পাড় থেকে সাবেক বিডিআর সদস্যের মরদেহ উদ্ধার হওয়া স্থান পরিদর্শন করছে বিজিবি ও পুলিশ। ছবি : প্রতিনিধি

এদিকে, লাশের সন্ধান পাওয়ার খবর পেয়ে বিজিবি ও পুলিশ  ২২১৪/১৮ এস বিডি নম্বর সীমানা পিলার এলাকায় ঘটনাস্থলে দ্রুত যায়। এর আগেই স্বজনরা নিজেরাই নদীর ওপার থেকে মরদেহ উদ্ধার করে এপারে নিয়ে আসেন। পুলিশ সুরতহাল রিপোর্ট তৈরির পর সকাল ১০টার দিকে লাশ উদ্ধার করে থানায় আনে।

রামগড় থানার অফিসার ইনচার্জ (ওসি) মো. নাজির আলম বলেন, নিহত অংথেইপ্রু মারমার কপাল ও নাকের উপর জখমের চিহ্ন আছে। কিভাবে তার মৃত্যু হল তা ময়নাতদন্তের পর নিশ্চিতভাবে বলা যাবে। তিনি বলেন, লাশ উদ্ধার করা হয়েছে। এখন ময়নাতদন্তের জন্য খাগড়াছড়ি জেলা সদর হাসপাতালে পাঠানোর এবং আইনি ব্যবস্থার প্রক্রিয়া চলছে।

পূর্ববর্তী নিবন্ধবিয়ের আসর থেকে বাসায় ফেরা হলোনা আবিরের