খাগড়াছড়ির শালবন এলাকায় মাটির নিচ থেকে উদ্ধার করা মর্টারশেলটি নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে নিষ্ক্রিয় করেছে সেনাবাহিনীর বোমা ডিসপোজাল ইউনিট। গতকাল শনিবার সকালে খাগড়াছড়ি সদর জোনের ১৮ বেঙ্গলের বোমা ডিসপোজাল ইউনিট মর্টারশেলটি খবংপুড়িয়া এলাকায় চেঙ্গী নদীর তীরে নিরাপদ স্থানে নিয়ে যায়। পরে সেখানে নিয়ন্ত্রিত বিস্ফোরণের মাধ্যমে এটি ধ্বংস করা হয়।
এর আগে গত শুক্রবার বিকেলে শালবন এলাকার পল্লীটিলায় সবজি চাষের জন্য মাটি খুঁড়তে গিয়ে মর্টারশেলটি পান স্থানীয় এক কৃষক। পরে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনী এটি উদ্ধার করে। খাগড়াছড়ি সদর থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) কায় কিসলু জানান, মাটির নিচ থেকে উদ্ধার করা মর্টারশেলটি ৮২ মি.মি. ক্ষমতাসম্পন্ন। তবে এটি কোন সময়ের এবং কারা ব্যবহার করত, তা তাৎক্ষণিকভাবে বলা যাচ্ছে না।











