এসএসসিতে কেউ পাস না করলে আগামীতে সেই শিক্ষা প্রতিষ্ঠানের এমপিও বাতিল করে দেওয়া হবে বলে হুঁশিয়ারি দিয়েছেন শিক্ষামন্ত্রী আ ন ম এহছানুল হক মিলন। তিনি বলেছেন, শিক্ষা মন্ত্রণালয় হচ্ছে এবাদতখানা। আমি আমার মন্ত্রণালয়কে এবাদতখানা মনে করি। নকলমুক্ত ও শিক্ষার মান ফিরিয়ে আনতে এ বছর যেসব প্রতিষ্ঠান জিরো পাবে (শূন্য পাসের হার), তাদের এমপিও বাতিল হবে না। তবে আগামী বছর থেকে এ বিষয়ে কোনো ছাড় দেওয়া হবে না। তবে প্রতিটি কেন্দ্রে সিসি ক্যামেরা থাকতে হবে। যেসব প্রতিষ্ঠানের আর্থিক অসচ্ছলতা রয়েছে, সেসব প্রতিষ্ঠানে প্রয়োজনে আমি টাকা দেব। তবে সিসি ক্যামেরায় সব রেকর্ড থাকতে হবে। পাশাপাশি বিদ্যুৎ সমস্যা সমাধানে আইপিএস রাখতে হবে। পরে বলা যাবে না বিদ্যুৎ না থাকায় রেকর্ড করা সম্ভব হয়নি। কোনো লিকেজ থাকতে পারবে না। খবর বিডিনিউজের।
গতকাল শনিবার দুপুরে কুমিল্লা নগরীর জেলা শিল্পকলা একাডেমীতে এসএসসি ও সমমান পরীক্ষা উপলক্ষে সংশ্লিষ্টদের সঙ্গে মতবিনিময় সভায় তিনি এসব কথা বলেন। মন্ত্রী বলেন, পরীক্ষায় নকল হলে বা ধরা পড়লে কেন্দ্র সচিবকে দায়ী করা হবে।
কোচিং সেন্টার নিয়ে শিক্ষামন্ত্রী বলেন, কোচিং সেন্টার সব আস্তে আস্তে বন্ধ করা হবে। তবে আইন করে নয়; শিক্ষা ব্যবস্থা উন্নতির মাধ্যমে।














