কালুরঘাট নতুন সেতু নির্মাণের কাজ দ্রুত দৃশ্যমান করার আহ্বান জানিয়ে চট্টগ্রাম নাগরিক ফোরামের পক্ষ থেকে প্রধানমন্ত্রী বরাবর স্মারকলিপি প্রদান করা হয়েছে। গতকাল সোমবার দুপুরে চট্টগ্রাম বিভাগীয় কমিশনার ড. মো. জিয়াউদ্দিনের মাধ্যমে স্মারকলিপিটি প্রদান করে চট্টগ্রাম নাগরিক ফোরাম।
ফোরামের চেয়ারম্যান ব্যারিস্টার মনোয়ার হোসেন ও মহাসচিব মো. কামাল উদ্দিন স্বাক্ষরিত এ স্মারকলিপিতে বলা হয়েছে, ইতিমধ্যে নতুন সেতুর প্রকল্পটি ২০২৪ সালের অক্টোবরে একনেকে পাশ করেছে এবং প্রধান উপদেষ্টা ২০২৫ সালের মে মাসে এর ভিত্তিপ্রস্তর স্থাপন করেছেন। কিন্তু সরকারের প্রতিশ্রুতি অনুযায়ী এখনো এর কোনো কাজ দৃশ্যমান হয়নি। এতে চট্টগ্রামবাসী চরমভাবে হতাশ হয়েছেন। বিগত সময়ে এ ব্যাপারে রেল ও সেতু মন্ত্রণালয় বারবার ডিজাইন, পুনঃডিজাইন ইত্যাদির অজুহাতে বিভিন্নভাবে অবহেলা করে দাবিটির বাস্তবায়ন দীর্ঘায়িত করেছেন। সর্বশেষে এ কারণে প্রকল্পের ব্যয় বরাদ্দও অনেক বৃদ্ধি পেয়েছে। চট্টগ্রাম নাগরিক ফোরাম আশাবাদ ব্যক্ত করেন, নতুন সরকার অগ্রাধিকার ভিত্তিতে এ নতুন কালুরঘাট সেতুর নির্মাণ কাজ অনতিবিলম্বে শুরু করবেন এবং ২০২৮–২৯ সালের মধ্যেই এই ৭০০ মিটারের দীর্ঘ সেতুর কাজ শেষ করতে সব ধরনের ব্যবস্থা করবেন। এই প্রকল্পটি নিয়ে অতীতের মতো সংশ্লিষ্ট কর্তৃপক্ষের কোনো গাফিলতি ও দীর্ঘসূত্রিতা যেন না হয় সে বিষয়ে প্রধানমন্ত্রী ও সংশ্লিষ্ট মন্ত্রণালয়ের কঠোর নজরদারি প্রয়োজন বলে ফোরাম দৃষ্টি আকর্ষণ করেছেন।
চট্টগ্রাম বিভাগীর কমিশনার সেতুটির নির্মাণ নিয়ে চট্টগ্রাম নাগরিক ফোরামের ভূমিকার প্রশংসা করেন এবং তিনি স্মারকলিপিটি জরুরি ভিত্তিতে প্রধানমন্ত্রীর বরাবরে পৌঁছে দেওয়ার জন্য প্রতিশ্রুতি ব্যক্ত করেন। স্মারকলিপি প্রদানকালে ফোরামের মহাসচিব মো. কামাল উদ্দিনের সাথে নেতৃবৃন্দের মধ্যে উপস্থিত ছিলেন মোহাম্মদ কামরুল ইসলাম, মিটুল দাশগুপ্ত, আবু তাহের চৌধুরী, এম. মনছুর আলম, তসলিম খাঁ, স ম জিয়াউর রহমান, ইঞ্জিনিয়ার মোহাম্মদ এমরান, মো. আক্তার, এস এম মিজান উল্লাহ, রেখা চৌধুরী, মোহাম্মদ রানা, নুরুল হুদা চৌধুরী, হারুনুর রশিদ, মো. রাকিব, ওয়াহিদুল হক, মোহাম্মদ জামাল উদ্দিন জাহিদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।









