কাপ্তাইয়ে শহীদ ওয়াসিম আকরাম স্মৃতি ক্রিকেট টুর্নামেন্টের ফাইনাল খেলা গত ২১ জুলাই অনুষ্ঠিত হয়। কর্ণফুলী সরকারি ডিগ্রি কলেজ মাঠে অনুষ্ঠিত ফাইনাল খেলায় রাউজানের জায়ান্ট অফ পাহাড়তলী একাদশ ৮ উইকেটে রাউজান রাবার বাগান একাদশকে পরাজিত করে চ্যাম্পিয়ন হয়। কাপ্তাইয়ের সৈয়দ শামসুদ্দীন আহমেদ তিবরিজী স্মৃতি সংঘ এ টুর্নামেন্টের আয়োজন করে। প্রথমে ব্যাট করে রাউজান রাবার বাগান ক্রিকেট একাদশ ৬ উইকেটে ৫৭ রান করে। জবাবে জায়ান্ট অফ পাহাড়তলী একাদশ ২ উইকেটে ৪.২ ওভারে ৫৮ রান তুলে নেয়। প্রধান অতিথি হিসেবে উভয় দলের খেলোয়াড়দের মধ্যে পুরস্কার বিতরণ করেন কাপ্তাই ব্যাটলিয়নের (৪১ বিজিবি) অধিনায়ক লেফটেন্যান্ট কর্ণেল কাওসার মেহেদী। টুর্নামেন্ট পরিচালনা কমিটির আহবায়ক মো. দিলদার হোসেনের সভাপতিত্বে এবং মোহাম্মদ ইব্রাহিমের সঞ্চালনায় অনুষ্ঠানে বিশেষ অতিথি ছিলেন অধ্যক্ষ মোহাম্মদ সিরাজ উদ্দিন, চন্দ্রঘোনা ইউনিয়ন বিএনপির সভাপতি মো. জাকির হোসেন, কাপ্তাই প্রেসক্লাবের সাধারণ সম্পাদক ঝুলন দত্ত, কাপ্তাই উপজেলা শিল্পকলা একাডেমির যুগ্ম সম্পাদক আনিছুর রহমান, উপজেলা ক্রীড়া সংস্থার সদস্য মো. জামাল উদ্দিন এবং টুর্নামেন্ট পরিচালনা কমিটির সদস্য আবদুল্লাহ আল মামনু অপু। সার্বিক সহযোগিতায় ছিলেন মো. রজব আলী রাজু, মোশাররফ হোসেন রিংকু, ইয়াকুব, আমিনুল ইসলাম সজল এবং মো. ইউসুফ আলী। খেলা পরিচালনায় ছিলেন মো. নোমান এবং মোহাম্মদ ওমর ফারুক সিকদার। ধারাভাষ্য দেন ওসমান গনি তনু। টুর্নামেন্টে মোট ১৬ টি দল অংশ নেয়।












