কাজে বাধা দিলে কাউকে ছাড় দেওয়া হবে না

বিপ্লব উদ্যানে উন্নয়নকাজ পরিদর্শনে মেয়র

| শুক্রবার , ২৪ এপ্রিল, ২০২৬ at ৬:১৭ পূর্বাহ্ণ

চট্টগ্রাম নগরীর ২ নম্বর গেইট এলাকায় অবস্থিত শহীদ রাষ্ট্রপতি জিয়াউর রহমানের স্মৃতিবিজড়িত বিপ্লব উদ্যানে চলমান সৌন্দর্যবর্ধন কাজের অগ্রগতি পরিদর্শন করেছেন চট্টগ্রাম সিটি কর্পোরেশনের মেয়র ডা. শাহাদাত হোসেন। পরিদর্শনকালে তিনি প্রকল্পের সার্বিক অগ্রগতি ঘুরে দেখেন এবং সংশ্লিষ্ট ঠিকাদারি প্রতিষ্ঠানকে নির্ধারিত সময়সীমার মধ্যে কাজ সম্পন্ন করার জন্য কঠোর নির্দেশনা প্রদান করেন। একই সঙ্গে কাজের গুণগত মান বজায় রাখার ওপরও জোর দেন তিনি।

এ সময় ঠিকাদারি প্রতিষ্ঠানের পক্ষ থেকে অভিযোগ করা হয়, আশপাশের কিছু দোকান মালিক উন্নয়ন কাজে বাধা সৃষ্টি করছেন। যার ফলে কাজের গতি ব্যাহত হচ্ছে এবং নির্ধারিত সময়ের মধ্যে প্রকল্প শেষ করা নিয়ে অনিশ্চয়তা তৈরি হচ্ছে।

অভিযোগের প্রেক্ষিতে মেয়র ডা. শাহাদাত হোসেন ক্ষোভ প্রকাশ করে বলেন, নগরীর উন্নয়ন কাজ কোনো ব্যক্তিগত স্বার্থের কাছে জিম্মি হতে পারে না। বিপ্লব উদ্যান শুধু একটি পার্ক নয়, এটি আমাদের ইতিহাস ও স্মৃতির অংশ। এখানে চলমান উন্নয়নকাজে কেউ বাধা দিলে তা কোনোভাবেই বরদাস্ত করা হবে না। তিনি আরও বলেন, যারা ইচ্ছাকৃতভাবে কাজে প্রতিবন্ধকতা সৃষ্টি করছে, তাদের বিরুদ্ধে আইনানুগ শাস্তিমূলক ব্যবস্থা গ্রহণ করা হবে। প্রয়োজনে উচ্ছেদসহ কঠোর প্রশাসনিক ব্যবস্থা নেওয়া হবে। উন্নয়ন কাজ থামিয়ে রাখার সুযোগ কারও নেই।

পূর্ববর্তী নিবন্ধশিশু থেকে শুরু করে প্রবীণদেরও পুষ্টির প্রয়োজন
পরবর্তী নিবন্ধসীতাকুণ্ডে তুলার গুদামে আগুন, ৫ লাখ টাকার ক্ষতি