ত্রয়োদশ জাতীয় সংসদ নির্বাচনকে ঘিরে নিরাপত্তা ও প্রস্তুতি তদারকির অংশ হিসেবে নগরীর কাজির দেউড়ি এলাকার একটি ভোটকেন্দ্র পরিদর্শন করেছেন চট্টগ্রামের বিভাগীয় কমিশনার ও রিটার্নিং কর্মকর্তা ড. মো. জিয়াউদ্দীন।
গতকাল রাত সাড়ে ৮টায় কাজির দেউড়ি সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয় ভোটকেন্দ্র পরিদর্শন করেন তিনি। এ সময় কেন্দ্রের সার্বিক পরিস্থিতি ঘুরে দেখার পাশাপাশি কেন্দ্রে দায়িত্বপ্রাপ্ত কর্মকর্তাদের সঙ্গে কথা বলেন এবং কেন্দ্রের নিরাপত্তা, ভোটগ্রহণের প্রস্তুতি ও সার্বিক ব্যবস্থাপনা সম্পর্কে খোঁজখবর নেন বিভাগীয় কমিশনার।
এ বিষয়ে কাজির দেউড়ি সরকারি প্রাথমিক বিদ্যালয় ভোটকেন্দ্রের প্রিজাইডিং অফিসার মো. মশরুর মোর্শেদ বলেন, রিটার্নিং কর্মকর্তা কেন্দ্র পরিদর্শন করেছেন। কেন্দ্রের পরিবেশ স্বাভাবিক রয়েছে এবং নির্বাচন উপলক্ষে সব প্রস্তুতি সম্পন্ন করা হয়েছে। প্রসঙ্গত, কাজির দেউড়ি সরকারি প্রাথমিক বালিকা বিদ্যালয়ে ভোটর সংখ্যা ৩ হাজার ৩৮৩ জন।











