কলকাতায় বুবলীর প্রথম ‘ফ্ল্যাশব্যাক’

| সোমবার , ১৫ জানুয়ারি, ২০২৪ at ১০:২৫ পূর্বাহ্ণ

কলকাতায় ‘ফ্ল্যাশব্যাক’ নামের একটি সিনেমায় অভিনয় করছেন বাংলাদেশের নায়িকা শবনম বুবলী। ইতিমধ্যেই শেষ হয়েছে সিনেমাটির কলকাতা পর্বের শুটিং, পরবর্তী শুটিং হবে ডুয়ার্সে। রাশেদ রাহা ও খায়রুল বাসার নির্ঝরের গল্পে সিনেমাটিতে বুবলীর সঙ্গে আরও অভিনয় করছেন পশ্চিমবঙ্গের পরিচালক–অভিনেতা কৌশিক গাঙ্গুলি ও অভিনেতা সৌরভ দাস। সিনেমার গল্পে দেখা যাবে–মঞ্চ নাটকের এক সময়ের স্বনামধন্য ব্যক্তিত্ব অঞ্জন। বহুদিন হল সব ছেড়েছুড়ে অনেকটাই অদৃশ্য তিনি। এখনও অঞ্জন অভিনয় করেন, তবে মঞ্চে কিংবা পর্দায় নয়, বাস্তবে। বাস্তবের দৃশ্য চলতে চলতে তার অভিনয়ের চিত্রনাট্য লেখা হতে থাকে। খবর বিডিনিউজের। এভাবেই হঠাৎ একদিন অঞ্জনের সঙ্গে দেখা হয়ে যায় ডিকে ও শ্বেতার। ডিকে স্বভাবে ভবঘুরে। আর শ্বেতা ইয়াং ফিল্মমেকার। চলচ্চিত্রে শ্বেতা চরিত্রে দেখা যাবে বুবলীকে। অঞ্জন চরিত্রে কৌশিক গাঙ্গুলী এবং ডিকে চরিত্রে সৌরভ দাস অভিনয় করছেন। বুবলীকে নেয়ার কারণ জানিয়ে নির্মাতা রাশেদ রাহা বলেন, শ্বেতা চরিত্রটির জন্য আমাদের বিবেচনায় অনেকেই ছিল, তবে আমাদের মনে হয়েছে বুবলী ভালো করবে। সিনেমার মধ্য দিয়ে প্রথম কলকাতার কোনো সিনেমায় অভিনয় করছেন জানিয়ে বুবলী বলেন, সবাই আমাকে সবসময়ের মত আপনাদের দোয়া ও ভালোবাসায় রাখবেন।

পূর্ববর্তী নিবন্ধলায়নিজমকে সুসংহত ও বেগবান করে মানবিক কার্যক্রম
পরবর্তী নিবন্ধদিল্লিতে সম্মাননা পেলেন মেহরীন