কর্ণফুলীতে পুলিশের অভিযানে পাঁচ আসামি গ্রেপ্তার

| শুক্রবার , ৬ নভেম্বর, ২০২৬ at ৬:০৫ অপরাহ্ণ

চট্টগ্রামের কর্ণফুলী থানা পুলিশের পৃথক অভিযানে জিআর ও সিআর মামলার গ্রেপ্তারি পরোয়ানাভুক্ত পাঁচ আসামিকে গ্রেপ্তার করা হয়েছে। শুক্রবার (৬ নভেম্বর) দিনব্যাপী পরিচালিত অভিযানে তাঁদের গ্রেপ্তার করা হয়।

পুলিশ জানায়, সিএমপির বন্দর বিভাগের উপ-পুলিশ কমিশনার মো. আমিরুল ইসলামের নির্দেশনায়, অতিরিক্ত উপ-পুলিশ কমিশনার (বন্দর) মো. সোহেল রানা পিপিএম-সেবা এবং সহকারী পুলিশ কমিশনার (কর্ণফুলী জোন) নাফিস ইনসানের তত্ত্বাবধানে এ অভিযান পরিচালিত হয়। কর্ণফুলী থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) নুর আহমদের নেতৃত্বে পুলিশের একাধিক দল অভিযানে অংশ নেয়।

গ্রেপ্তার ব্যক্তিরা হলেন—আবদুর রহমান, মো. পারভেজ, মো. আকাশ ও মো. মহিউদ্দিন।

পুলিশের দেওয়া তথ্য অনুযায়ী, আবদুর রহমান সিআর-৪৯/২৬ মামলায় দণ্ডবিধির ৪০৬, ৪২০ ও ৫০৬ ধারার আসামি। মো. পারভেজ সিআর-০২/২৫ মামলায় বিদ্যুৎ আইনের ৩২ ধারার আসামি। মো. আকাশ যৌতুক নিরোধ আইনের ৩ ধারায় করা সিআর-২৯৩/২৬ মামলার আসামি।

অন্যদিকে, মো. মহিউদ্দিনের বিরুদ্ধে কর্ণফুলী থানার জিআর-৫২২/১৯ মামলায় দণ্ডবিধির ৩৯৯ ও ৪০২ ধারায় এবং কোতোয়ালী থানার জিআর-১১৭/২৩ মামলায় মাদকদ্রব্য নিয়ন্ত্রণ আইনের ৩৬(১) সারণির ১০(ক) ধারায় গ্রেপ্তারি পরোয়ানা রয়েছে বলে জানিয়েছে পুলিশ।

গ্রেপ্তার পাঁচজনকে যথাযথ পুলিশি পাহারায় আদালতে সোপর্দ করা হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধআজকের শিক্ষার্থীরাই আগামী দিনের দেশ গড়ার কারিগর : মীর হেলাল
পরবর্তী নিবন্ধমইজ্জ্যারটেকে আবাসিক হোটেলে পুলিশের অভিযান, গ্রেপ্তার ৬