কপ৩১-এ কৃষকের জন্য অর্থায়নের দাবিতে কর্ণফুলীতে নৌকা বাইচ

| সোমবার , ১৬ নভেম্বর, ২০২৬ at ১০:২৯ পূর্বাহ্ণ

তুরস্কের আন্তালিয়ায় চলমান জাতিসংঘ জলবায়ু সম্মেলনের (কপ৩১) প্রথম সপ্তাহে কৃষকের জন্য বাস্তব অর্থায়নের কোনো ঘোষণা আসেনি–এই অভিযোগ তুলে গতকাল কর্ণফুলী নদীর ফিরিঙ্গীবাজার অভয় মিত্র ঘাটে নৌকা বাইচ, র‌্যালি ও পদযাত্রা অনুষ্ঠিত হয়েছে। কপ৩১ চলাকালে ‘আইল থেকে আন্টালিয়া: ন্যায্য রূপান্তরে কৃষকের অধিকার প্রচারাভিযান’ সপ্তাহ উপলক্ষে দেশব্যাপী চলমান কর্মসূচির অংশ হিসেবে এ কার্যক্রমের আয়োজন করা হয়। বেসরকারি উন্নয়ন সংগঠন আইএসডিই বাংলাদেশ, খাদ্য নিরাপত্তা নেটওয়ার্ক–খানি, বিডাব্লিউজিইডি, ক্লিন, প্রাণ যৌথভাবে এ কর্মসূচির আয়োজন করে।

এর আগে সমাবেশে বক্তারা বলেন, ৯ নভেম্বর কপ৩১–এর প্রথম দিনটি নির্ধারিত ছিল ‘খাদ্য, কৃষি ও স্বাস্থ্য’ দিবস হিসেবে। কিন্তু সেই দিনের আলোচনা থেকে কৃষকের জন্য কোনো সুনির্দিষ্ট অর্থায়ন অঙ্গীকার, সময়সীমা বা বাধ্যতামূলক সিদ্ধান্ত আসেনি। অথচ এফএও–ইউএনডিপির হিসাবে বিশ্বের অভিযোজন চাহিদার ৫৪ শতাংশ কৃষি ও খাদ্যব্যবস্থার, অথচ খাতটি পায় অভিযোজন অর্থের মাত্র ২০ শতাংশ। জলবায়ু–সংশ্লিষ্ট উন্নয়ন অর্থে কৃষির ভাগ ২০০০ সালের ৪৭ শতাংশ থেকে ২০২৩ সালে ১৯ শতাংশে নেমেছে।

কর্মসূচিতে অংশগ্রহণকারীরা দাবি তোলেন, ২০ নভেম্বরের কপ৩১–এর চূড়ান্ত সিদ্ধান্তে অভিযোজন অর্থায়ন তিনগুণের সুস্পষ্ট অঙ্ক রাখতে হবে এবং চাহিদার অনুপাতে তার নির্ধারিত অংশ কৃষি ও খাদ্যব্যবস্থার জন্য বরাদ্দ করতে হবে, যা ক্ষুদ্র কৃষকের কাছে পৌঁছাবে অনুদান হিসেবে, ঋণ হিসেবে নয়। দ্বিতীয়ত, কৃষি ও খাদ্যনিরাপত্তা বিষয়ক শার্ম আল–শেখ যৌথ কার্যক্রমের পরবর্তী ধাপে কৃষিতে ন্যায্য জ্বালানি রূপান্তরকে আনুষ্ঠানিক অগ্রাধিকার করতে হবে এবং ন্যায্য রূপান্তর কর্মসূচিতে কৃষক ও কৃষিশ্রমিকের অধিকার স্পষ্টভাবে স্বীকৃতি দিতে হবে। তৃতীয়ত, সৌর সেচ, সৌরচালিত হিমাগার ও কমিউনিটি মিনি–গ্রিডের মতো বিকেন্দ্রীকৃত নবায়নযোগ্য জ্বালানির মালিকানা থাকতে হবে কৃষক সংগঠন, সমবায় ও নারী কৃষকের হাতে, এবং সবুজ জলবায়ু তহবিল ও অভিযোজন তহবিলে তাঁদের সরাসরি প্রবেশাধিকার দিতে হবে। চতুর্থত, জাতীয় অভিযোজন পরিকল্পনা, এনডিসি ও কপ প্রতিনিধিদলে কৃষক প্রতিনিধিত্ব নিশ্চিত করতে হবে।

আইএসডিই এর কর্মসূচি কর্মকর্তা মো. রাইসুল ইসলামের সঞ্চালানায় সংহতি জানিয়েছেন ক্যাব কেন্দ্রিয় কমিটির ভাইস প্রেসিডেন্ট এস এম এম নাজের হোসাইন, ক্যাব মহানগরের সাংগঠনিক সম্পাদক জান্নাতুল ফেরদৌস, জেলা সামাজিক উদ্যোক্তা পরিষদের যুগ্ম সম্পাদক মোহাম্মদ জানে আলম, ক্যাব সদরঘাটের সভাপতি মোহাম্‌দ শাহীন চৌধুরী, আলকরনের মোহাম্মদ মোস্তফা, যুব ক্যাব চট্টগ্রাম মহানগরের মামুনুল ইসলাম ও সিদরাতুল মুনতাহা, আবদুল মান্নান জিহাদ প্রমুখ। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধকর্ণফুলীতে নিষিদ্ধ আওয়ামী লীগের সদস্য গ্রেপ্তার