ওষুধের ফ্রিজে মাংস, বিক্রি হচ্ছিল মেয়াদোত্তীর্ণ পণ্য

সাতকানিয়ায় দুই প্রতিষ্ঠানকে জরিমানা

সাতকানিয়া প্রতিনিধি | শুক্রবার , ২৪ জুলাই, ২০২৬ at ৮:১৬ পূর্বাহ্ণ

সাতকানিয়া উপজেলার কেরানীহাটে ফ্রিজে ওষুধের সঙ্গে মাংস ও খাবার সংরক্ষণ এবং নোংরা পরিবেশে ওষুধ বিক্রি করায় একটি ফার্মেসিকে ১০ হাজার টাকা জরিমানা করেছে ভ্রাম্যমাণ আদালত। একই অভিযানে মেয়াদোত্তীর্ণ দুগ্ধজাত পণ্য এবং আমদানিকারকের সিলবিহীন বিদেশি পণ্য বিক্রি করায় একটি কনফেকশনারিকে ৫ হাজার টাকা জরিমানা করা হয়েছে।

গতকাল বৃহস্পতিবার দুপুরে কেরানীহাট এলাকায় এ অভিযান পরিচালনা করেন উপজেলা সহকারী কমিশনার (ভূমি) ও নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান।

ভ্রাম্যমাণ আদালত সূত্রে জানা যায়, অভিযানে এমআর ফার্মেসির ফ্রিজে ওষুধের সঙ্গে মাংস ও অন্যান্য খাবার সংরক্ষণ এবং অস্বাস্থ্যকর পরিবেশে ওষুধ বিক্রির প্রমাণ পাওয়া যায়। এ অভিযোগে প্রতিষ্ঠানটিকে ১০ হাজার টাকা জরিমানা করা হয়। একই সময়ে আসিফ কনফেকশনারিতে মেয়াদোত্তীর্ণ দুগ্ধজাত পণ্য এবং আমদানিকারকের সিলবিহীন বিদেশি পণ্য বিক্রির দায়ে ৫ হাজার টাকা জরিমানা করা হয়।

নির্বাহী ম্যাজিস্ট্রেট সামছুজ্জামান বলেন, জনস্বার্থে এ ধরনের অভিযান ভবিষ্যতেও অব্যাহত থাকবে।

পূর্ববর্তী নিবন্ধবিয়ের প্রলোভনে কিশোরীকে আটকে ধর্ষণের অভিযোগ গ্রেপ্তার ২
পরবর্তী নিবন্ধচট্টগ্রামে আরও ১১ শিশুর হাম শনাক্ত