নারী টি–টোয়েন্টি বিশ্বকাপ নিশ্চিত করেছে কিছুদিন আগে বাংলাদেশ দল। এবার নারী এশিয়া কাপ রাইজিং স্টার্স টুর্নামেন্ট খেলতে দেশ ছেড়েছে তারা। থাইল্যান্ডের ব্যাংককে আগামী ১৩ ফেব্রুয়ারি পর্দা উঠছে এই টুর্নামেন্টের। গতকাল বুধবার সকালে দলের ক্রিকেটারসহ কেচিং স্টাফের সদস্যরা দেশ ছেড়েছেন। দলের একজন কর্মকর্তা জানিয়েছেন, এই টুর্নামেন্টেও বড় স্বপ্ন দেখছে দল। চ্যাম্পিয়ন হওয়ার চিন্তা থেকে স্কোয়াডও ঘোষণা করা হয়েছে। যেখানে বাংলাদেশ দলকে নেতৃত্ব দেবেন ফাহিমা খাতুন। দলটির একজন কর্মকর্তা বলেন, ‘অবশ্যই বড় স্বপ্ন এই টুর্নামেন্ট ঘিরে। সেই হিসাব করেই আমরা দলকে সাজিয়েছে। ভালো ফর্মে যারা তাদেরকে রেখেছি। চ্যাম্পিয়ন হওয়ার লক্ষ্য অবশ্যই, যদিও লড়াই হবে অনেক, সহজ হবে না।’ বাংলাদেশ অনূর্ধ্ব–১৯ দলে দারুণ পারফরম্যান্স করেছেন সাদিয়া আক্তার। আর তাতেই সুযোগ মিলেছে রাইজিং স্টার্সের দলে। সবশেষ নারী ওয়ানডে বিশ্বকাপে জায়গা হয়নি সুমনার। তবে জাতীয় দলে ফেরার সুযোগ হিসেবে ‘এ’ দলে ডাক পেয়েছেন এই ক্রিকেটার। নারী এশিয়া রাইজিং স্টার্সে ‘বি’ গ্রুপে বাংলাদেশের প্রতিপক্ষ শ্রীলঙ্কা, মালয়েশিয়া ও থাইল্যান্ড। ‘এ’ গ্রুপে ভারত–পাকিস্তানের সঙ্গে আছে নেপাল ও সংযুক্ত আরব আমিরাত। টুর্নামেন্ট শুরুর পরদিন শ্রীলঙ্কার বিপক্ষে প্রথম ম্যাচ খেলবে বাংলাদেশ। আর ১৬ ফেব্রুয়ারি স্বাগতিক থাইল্যান্ডের বিপক্ষে খেলবে লাল–সবুজের মেয়েরা।
১৮ ফেব্রুয়ারি গ্রুপ পর্বের শেষ ম্যাচে মালয়েশিয়ার বিপক্ষে খেলা। আর ২২ ফেব্রুয়ারি অনুষ্ঠিত হবে ফাইনাল।












