চট্টগ্রাম উত্তর জেলা আওয়ামী লীগ (কার্যক্রম নিষিদ্ধ) কার্যালয়ের পর এবার চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের কার্যালয়ে দলীয় সাইনবোর্ড লাগিয়েছেন নেতাকর্মীরা। গতকাল এ সংক্রান্ত একটি ভিডিও সামাজিক যোগাযোগ মাধ্যম ফেসবুকে ছড়িয়ে পড়ে।
এতে দেখা যায়, নগরীর নিউমার্কেট এলাকার দারুল ফজল মার্কেটে অবস্থিত চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগ কার্যালয়ের ফটক ও জানালার উপরের দুটি সাইনবোর্ড সাঁটিয়ে দিচ্ছেন নেতাকর্মীরা। এ সময় তাদের বলতে শোনা যায়, চট্টগ্রাম মহানগর আওয়ামী লীগের অফিস। জয় বাংলা, জয় বঙ্গবন্ধু। শেখ হাসিনা আসবে, বাংলাদেশ হাসবে।
এ বিষয়ে কোতোয়ালী থানার ওসি মো. আফতাব উদ্দিন বলেন, খবর পেয়ে আমরা পুলিশের একটি দল পাঠিয়েছি। তবে সেখানে কাউকে পাওয়া যায়নি, ব্যানারও ছিল না। তালা দেওয়া ছিল। একটা ভিডিও পেয়েছি, জড়িত ব্যক্তিদের গ্রেপ্তারের চেষ্টা চলছে।
এর আগে গত সোমবার নগরীর নিউমার্কেট এলাকার দোস্ত বিল্ডিংয়ে অবস্থিত কার্যক্রম নিষিদ্ধ আওয়ামী লীগের চট্টগ্রাম উত্তর জেলা কার্যালয়ে দলীয় পরিচিতি ফলক লাগানোর ঘটনা ঘটে।












