এফ-১৫ যুদ্ধবিমান ঘুরে ঘুরে পড়ে বিধ্বস্ত হচ্ছে, এমন ভিডিও শেয়ার ইরানের

| মঙ্গলবার , ৩ মার্চ, ২০২৬ at ৬:৪৯ পূর্বাহ্ণ

ইরান মার্কিন অথবা ইসরায়েলি বিমান বাহিনীর একটি এফ১৫ যুদ্ধবিমান গুলি করে ফেলে দেওয়ার দাবি করেছে। অনলাইনে তাদের শেয়ার করা এক ভিডিওতে একটি যুদ্ধবিমানকে ঘুরে ঘুরে নিচে পড়ে যেতে দেখা গেছে। খবর বিডিনিউজের।

ইরানের বিরুদ্ধে যুক্তরাষ্ট্র ও ইসরায়েলের হামলা সোমবার তৃতীয় দিনে গড়ানোর পর দাবি জানিয়েছে তেহরান। ভারতীয় গণমাধ্যম এনডিটিভি জানিয়েছে, অনলাইনে শেয়ার করা ভিডিওটি থেকে এটি পরিষ্কার হওয়া যায়নি যে এফ১৫ যুদ্ধবিমানটি যুক্তরাষ্ট্রের না ইসরায়েলের। ইসরায়েলও দুই ইঞ্জিনের সব আবহাওয়ার উপযোগী যুক্তরাষ্ট্রের নির্মিত এই যুদ্ধবিমানগুলো ব্যবহার করে। ভিডিওতে দেখা গেছে, বিমানটির পেছন দিকে আগুন জ্বলছে আর এটি নিয়ন্ত্রণ হারা অবস্থায় ধীরে ধীরে ঘুরে ঘুরে নিচে পড়ে যাচ্ছে। বেশ কয়েকটি গণমাধ্যম জানিয়েছে, বিমানটি পাইলট নিরাপদে বের হয়ে যেতে পেরেছেন। বিমানটি কুয়েতে বিধ্বস্ত হয়েছে আর নিচে পড়ার পর সেটি থেকে ধোঁয়া উঠছিল বলে জানিয়েছে তারা। কী কারণে যুদ্ধবিমানটি বিধ্বস্ত হয়েছে তা পরিষ্কার হয়নি। শনিবার সকাল থেকে ইরানের সরকারি বিভিন্ন স্থাপনা ও সামরিক ঘাঁটিগুলোতে বিমান ও ক্ষেপণাস্ত্র হামলা শুরু করে যুক্তরাষ্ট্র ও ইসরায়েল।

এর জবাবে ইরান ইসরায়েল ও মধ্যপ্রাচ্যের যেসব দেশে মার্কিন ঘাঁটি আছে সবগুলোতে পাল্টা ক্ষেপণাস্ত্র ও ড্রোন হামলা শুরু করে। যুক্তরাষ্ট্র, ইসরায়েলের হামলায় প্রথমদিনই নিজ কম্পাউন্ডে নিহত হন ইরানের সর্বোচ্চ নেতা আয়াতুল্লাহ আলি খামেনি।

পূর্ববর্তী নিবন্ধসিএসইতে লেনদেন ১৯.৪৪ কোটি টাকা
পরবর্তী নিবন্ধইউরোপ সুরক্ষায় ফ্রান্সের পরমাণু অস্ত্রের ভূমিকা তুলে ধরবেন মাখোঁ