এক দুর্ঘটনায় চার গাড়ি ক্ষতিগ্রস্ত

সীতাকুণ্ড প্রতিনিধি | সোমবার , ৪ ডিসেম্বর, ২০২৩ at ৬:৪৬ পূর্বাহ্ণ

সীতাকুণ্ডে একটি সড়ক দুর্ঘটনায় ৪টি গাড়ি ক্ষতিগ্রস্ত হয়েছে। এতে ৩জন আহত হয়েছে। আহতদের চিকিৎসার জন্য চট্টগ্রাম মেডিকেল কলেজ হাসপাতালে পাঠানো হয়েছে। গতকাল সকালে উপজেলার বার আউলিয়া ফুলতলা এলাকায় এঘটনা ঘটে। বারআউলিয়া হাইওয়ে থানা পুলিশ জানায়, রোববার সকাল ৮টার দিকে বার আউলিয়া ফুলতলা বিদ্যুৎ কেন্দ্রের পাশে ঢাকামুখি লেনে ১০ চাকার একটি ড্রাম ট্রাক (ঢাকা মেট্রো ট–১৩–৪৪১৭) নিয়ন্ত্রণ হারিয়ে রাস্তায় দাঁড়িয়ে থাকা একটি কাভার্ড ভ্যানে ধাক্কা দেয়। কাভার্ড ভ্যানটি সামনে দাঁড়িয়ে থাকা আরো ২টি প্রাইভেট কারকে পিছন থেকে সজোরে ধাক্কা দিলে ৪টি গাড়িই ক্ষতিগ্রস্ত হয়। এতে তিনটি গাড়ির চালকরা আহত হন। তবে প্রাইভেট কারে কোনো যাত্রী ছিল না। আহতদের নাম ঠিকানা জানা যায়নি। বার আউলিয়া হাইওয়ে থানার ওসি খোকন ঘোষ ঘটনার সত্যতা নিশ্চিত করেছেন।

পূর্ববর্তী নিবন্ধ২৪ ঘণ্টায় ৭০০ ফিলিস্তিনিকে হত্যা
পরবর্তী নিবন্ধখাগড়াছড়ি ও কুমিরায় আগুনে পুড়ল ১৭ ব্যবসা প্রতিষ্ঠান