একুশ এলে আগুন ঝরে কৃষ্ণচূড়ার বুকে
রফিক, শফিক কত ভাই হারানোর দুঃখে।
ওদের তাজা রক্তে ভেজা একুশে ফেব্রুয়ারি
রাজপথ আজো ভুলেনি সেই ভাষার আহাজারি।
বর্ণমালার মুক্তি তরুণদের টগবগে রক্তের দান
একুশ এলে কোকিল গায় ভাই হারানো গান।
বরকতের রক্ত ভেজা শার্ট ছিল বাংলার মুখ
ভাষার জন্য জীবন দিয়ে মরণে পেলো সুখ।
বুকপকেটে মায়ের চিঠি ভিজলো তাজা রক্তে
হারিয়ে ছেলে দুহাত তোলেন মা নামাজের অক্তে।
তবুও শান্তি মায়ের বুকে বাংলা ভাষার জয়ে
হটেনি যে পিছু ছেলে ঐ পাক সেনাদের ভয়ে।
একুশ এলে প্রভাত ফেরি ধূসর রঙের বেলা
স্মরণকুলে ডাক দেয় সেই রক্ত নদীর খেলা।
মায়ের মুখের বুলি সেতো হীরের চেয়েও দামী
তার জন্য জীবন দিতে হয়নি থামাথামি।
একুশ এলে বাংলা ভাষার মর্মে লাগে দোলা
এই ভাষাতে সব বাঙালির মনের দুয়ার খোলা।







