উচ্ছেদ আতঙ্কে জঙ্গল সলিমপুরে বিক্ষোভ

পুলিশ-বিজিবির লাঠিচার্জ

সীতাকুণ্ড প্রতিনিধি | শনিবার , ১৭ অক্টোবর, ২০২৬ at ১০:৩০ পূর্বাহ্ণ

জঙ্গল সলিমপুরে সরকারি স্থাপনা নির্মাণের খবরে উচ্ছেদের আশঙ্কায় বিক্ষোভ করেছেন স্থানীয় বাসিন্দারা। গতকাল শুক্রবার দুপুরে জেলা পুলিশ সুপার (এসপি) মো. মাসুদ আলমের পরিদর্শনের সময় এ বিক্ষোভ হয়। এ সময় বাসিন্দাদের সঙ্গে পুলিশ ও বর্ডার গার্ড বাংলাদেশের (বিজিবি) সদস্যদের বাগবিতণ্ডা, ধস্তাধস্তি ও হাতাহাতির ঘটনা ঘটে। পরিস্থিতি নিয়ন্ত্রণে পুলিশ ও বিজিবিকে লাঠিচার্জ করতে দেখা গেছে। গতকাল দুপুরে সামাজিক যোগাযোগমাধ্যমে ছড়িয়ে পড়া দেড় মিনিটের একটি ভিডিওতে এসব দৃশ্য দেখা যায়। ভিডিওতে লিফলেট হাতে একদল বাসিন্দাকে বিক্ষোভ করতে দেখা যায়।

ভিডিওতে আরও দেখা যায়, বিক্ষোভকারীদের সামনে পুলিশ ও বিজিবির সদস্যরা অবস্থান করছেন। একপর্যায়ে দুই পক্ষের মধ্যে উত্তপ্ত বাক্যবিনিময় ও ধস্তাধস্তি হয়। কয়েকজন নারীকে আইনশৃঙ্খলা রক্ষাকারী বাহিনীর সদস্যদের সঙ্গে কথা বলতে ও প্রতিবাদ জানাতে দেখা যায়। পরিস্থিতি নিয়ন্ত্রণে আনতে পুলিশ ও বিজিবির সদস্যরা লাঠি হাতে এগিয়ে গিয়ে বিক্ষোভকারীদের ছত্রভঙ্গ করার চেষ্টা করেন। এ সময় আশপাশের দোকানপাট বন্ধ হয়ে যায়।

জানা গেছে, জুমার নামাজের পর জঙ্গল সলিমপুরের আলীনগর স্কুলে স্থানীয় বাসিন্দাদের সঙ্গে মতবিনিময় করতে যান এসপি মো. মাসুদ আলম। তার আগমনের খবর পেয়ে সেখানে নারীসহ স্থানীয় বাসিন্দারা জড়ো হন। তাদের হাতে ছিল লিফলেট। সরকারি স্থাপনা নির্মাণের জন্য তাদের বসতভিটা বা কেনা জমি থেকে উচ্ছেদ করা হতে পারে, এমন আশঙ্কা থেকেই তারা বিক্ষোভ করেন।

স্থানীয় বাসিন্দাদের দাবি, জঙ্গল সলিমপুরে পুলিশ একাডেমি, কারাগারসহ বিভিন্ন সরকারি স্থাপনা নির্মাণের পরিকল্পনা বাস্তবায়ন করতে গিয়ে তাদের জমি ও বসতভিটা থেকে উচ্ছেদ করা যাবে না। নিজেদের টাকায় কেনা জমির মালিকানা ও বসবাসের অধিকার নিশ্চিত করতে হবে। সরকারি প্রয়োজনে জমি অধিগ্রহণের প্রয়োজন হলে আইন অনুযায়ী ক্ষতিপূরণ ও পুনর্বাসনের ব্যবস্থা করতে হবে।

পুলিশ বলছে, সরকারি স্থাপনা নির্মাণের পরিকল্পনা নিয়ে স্থানীয় বাসিন্দাদের মধ্যে ভুল বোঝাবুঝি ও বিভ্রান্তি রয়েছে। এ কারণে তাদের একাংশ বিক্ষুব্ধ হয়ে উঠেছেন।

পুলিশ সুপার মো. মাসুদ আলম বলেন, কাউকে জোর করে আলীনগর থেকে উচ্ছেদ করা হবে না। একটি চক্র স্থানীয়দের মাঝে বিভ্রান্তিকর গুজব ছড়াচ্ছে। সরকারি প্রয়োজনে ব্যক্তিমালিকানাধীন জমি প্রয়োজন হলে আইন অনুযায়ী অধিগ্রহণ করতে হবে। খাসজমির ক্ষেত্রেও সরকারি নিয়ম মেনে ব্যবস্থা নেওয়া হবে। স্থানীয় বাসিন্দাদের জোর করে উচ্ছেদ করা হবে না বলে তাদের আশ্বস্ত করা হয়েছে। সীতাকুণ্ড মডেল থানার ওসি মোঃ মহিনুল ইসলাম বলেন, জঙ্গল সলিমপুরে বিভ্রান্তিকর খবরের প্রেক্ষিতে ওই এলাকার স্থানীয় বাসিন্দারা জড়ো হয়েছিল মাত্র। তবে তাদের বুঝিয়ে বললে তারা রাস্তা থেকে সরে দাঁড়ায়।

এদিকে, গত ৮ অক্টোবর সচিবালয়ে জঙ্গল সলিমপুরের অবকাঠামো উন্নয়ন নিয়ে এক সভা শেষে স্বরাষ্ট্রমন্ত্রী সালাহউদ্দিন আহমদ জানান, সেখানে রাজশাহীর সারদার আদলে একটি পুলিশ একাডেমি প্রতিষ্ঠার সিদ্ধান্ত নিয়েছে সরকার। একই এলাকায় চট্টগ্রাম কেন্দ্রীয় কারাগার স্থানান্তরের পরিকল্পনাও রয়েছে। এ জন্য ৭২ একর জমি অধিগ্রহণ করা হয়েছে বলে জানান তিনি। সেখানে পুলিশ ছাড়াও বিজিবি, স্পেশাল রেসপন্স ব্যাটালিয়ন (এসআরবি) ও আর্মড পুলিশ ব্যাটালিয়নের (এপিবিএন) স্থাপনা নির্মাণের জন্য জায়গা নেওয়ার কথা জানানো হয়।

পূর্ববর্তী নিবন্ধপ্লটের অপেক্ষায় কেটে গেল ১১ বছর
পরবর্তী নিবন্ধপ্রধানমন্ত্রীর আগমনস্থল জেএম সেন হল পরিদর্শনে মেয়র