বাংলাদেশ ক্রিকেট বোর্ড আয়োজিত ইয়ং টাইগার্স অনূর্ধ্ব–১৪ ক্রিকেট প্রতিযোগিতার সেমিফাইনালে উত্তীর্ণ হয়েছে চট্টগ্রাম জেলা অনূর্ধ্ব–১৪ দল। গতকাল রোববার নোয়াখালীর ভুলু স্টেডিয়ামে অনুষ্ঠিত খেলায় চট্টগ্রাম ২৯১ রানের বিশাল ব্যবধানে কক্সবাজারকে পরাজিত করেছে। এ জয়ের ফলে টানা তিন ম্যাচ জিতে গ্রুপ চ্যাম্পিয়ন হয়ে সেমিফাইনালে উঠে চট্টগ্রাম। আগামী ৪ ফেব্রুয়ারি একই ভেন্যুতে তারা সেমিফাইনাল খেলবে। গতকাল টসে জিতে কক্সবাজার প্রথমে ব্যাট করতে পাঠায় চট্টগ্রামকে। চট্টগ্রাম ৫০ ওভার খেলে ৯ উইকেট হারিয়ে ৩২৪ রানের বিশাল স্কোর গড়ে তোলে। দলের পক্ষে আদ্রিত বিশ্বাস ৬৫,রাদিব হোসেন ৫৮,সোহান বিন হোসেন ৫৭,আজওয়াদ ২৮, মেজবাউল হক ২৭ এবং মারুফ অপরাজিত ১৪ রান করে। অতিরিক্ত থেকে আসে ৪৮ রান। কক্সবাজারের মোহাম্মদ মাসকাত ৩টি,সাইদ শাহরিয়ার ২টি উইকেট নেয়। জবাব দিতে নেমে কক্সবাজার ১৯.৩ ওভারে মাত্র ৩৩ রান করে অলআউট হয়ে যায়। দলের ওপেনার সৌহাদ্য চৌধুরী ১৩ রান করে এবং অতিরিক্ত থেকে আসে ১৩ রান। দলের আট ব্যাটার কোন রানই করতে পারেনি। চট্টগ্রামের পক্ষে মো. মারুফ হ্যাট্রিক সহ ৫ উইকেট দখল করে মাত্র ১ রান খরচায়। ১টি করে উইকেট নেয় সোহান বিন হোসেন,আবরার খান এবং ইকবাল হোসেন।












