ইসকন নিয়ে দেশি বিদেশি ইন্ধন থাকতে পারে : স্বরাষ্ট্র উপদেষ্টা

| বুধবার , ২৭ নভেম্বর, ২০২৪ at ৫:৩১ পূর্বাহ্ণ

ইসকন নিয়ে দেশি–বিদেশি ইন্ধন থাকতে পারে বলে মন্তব্য করেছেন অন্তর্বর্তী সরকারের স্বরাষ্ট্র উপদেষ্টা অবসরপ্রাপ্ত লেফটেন্যান্ট জেনারেল মো. জাহাঙ্গীর আলম চৌধুরী। তিনি বলেছেন, এটার ক্ষেত্রে আমার মনে হয়, বাইরের হয়ত কিছু ইন্ধন আছে। এবং দেশেও দু–একটা পার্টি আছে, তাদের দিক থেকে হয়ত কিছু ইন্ধন আছে। আবার যাদেরকে আমরা ব্যান করে দিছি, তাদের দিক থেকে হয়ত কিছুটা ইন্ধন আছে। গতকাল মঙ্গলবার সন্ধ্যায় সিলেট সার্কিট হাউজে প্রশাসনের বিভিন্ন বিভাগের কর্মকর্তাদের নিয়ে সভা শেষে সাংবাদিকদের এক প্রশ্নের উত্তরে তিনি এ কথা বলেন। খবর বিডিনিউজের।

সিলেটে স্বরাষ্ট্র উপদেষ্টা জাহাঙ্গীর আলম চৌধুরী সরকার পতনের পর থেকে ব্যাপকহারে মামলা হওয়া এবং নিরীহদের হয়রানির বিষয়ে কথা বলেন। তিনি বলেন, সারাদেশে প্রচুর ভুয়া মামলা হয়েছে; এসব মামলায় নিরীহ কেউ হয়রানি না হন সেজন্য আমরা একটি কমিটি করে দেব। যারা ভুয়া মামলা করেন তাদের ধরিয়ে দিন। দেশের আইন–শৃঙ্খলা পরিস্থিতি আগস্টের পর থেকে অনেক উন্নতি হয়েছে, আরও হবে। সেজন্য সবার সহযোগিতা চাই।

শিক্ষার্থীদের আন্দোলন নিয়ে আলোচনা হচ্ছে জানিয়ে তিনি বলেন, আশা করা হচ্ছে, দ্রুত সমাধান হয়ে যাবে। আমরা কোনোভাবে শিক্ষার্থীদের আন্দোলনে কঠোর হতে চাই না। জুলাই–আগস্টের আন্দোলনের সময় লুট হওয়া সব অস্ত্র এখনো উদ্ধার হয়নি জানিয়ে তিনি বলেন, সেসব অস্ত্র উদ্ধারে অভিযান অব্যাহত রয়েছে। কমিউনিটি পুলিশের কার্যক্রম বৃদ্ধিতে সরকার কাজ করছে। কমিউনিটি পুলিশের কার্যক্রম প্রথমে ঢাকায় বেগবান করা হবে। পরে পুরো দেশে পর্যায়ক্রমে করা হবে।

পূর্ববর্তী নিবন্ধশিশু তাসকিয়া জানে না তার বাবা বেঁচে নেই
পরবর্তী নিবন্ধইসকন নিষিদ্ধসহ ৩ দাবি বৈষম্য বিরোধী ছাত্র আন্দোলনের