ইরানে হামলা চালাতে ‘১০ মিনিট লাগবে’: ট্রাম্প

| সোমবার , ২ নভেম্বর, ২০২৬ at ১১:২৫ পূর্বাহ্ণ

ইরানের সর্বোচ্চ ধর্মীয় নেতা মুজতাবা খামেনির হুঁশিয়ারির পর পাল্টা হামলা নিয়ে সতর্ক করেছেন যুক্তরাষ্ট্রের প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্প। তিনি বলেন, ইরানের দু’–একটা জায়গা ধ্বংস করা এখনও বাকি। প্রয়োজনে মাত্র ১০ মিনিটেই হামলা চালিয়ে সেসব জায়গা উড়িয়ে দেওয়া যায়। খবর বিডিনিউজের।

গত শনিবার ইরানের গোপন স্থান থেকে মুজতাবা খামেনি যুক্তরাষ্ট্র ও ইসরায়েলকে লক্ষ্য তালিকা উল্লেখ করে বার্তা দিয়ে বলেছিলেন, যে কোনও হুমকি বা হামলার জবাব অবিলম্বে দেওয়া হবে। এরপরই ট্রাম্প শনিবার ফ্লোরিডার বাসভবনে সাংবাদিকদের বলেন, আমরা তাদের (ইরান) পারমাণবিক ব্যবস্থা ধ্বংস করে দিয়েছি। তবে এখনও একটি, দু’টি রয়ে গেছে। সেগুলোর ব্যবস্থা আমাদেরকে করতে হবে, আমরা তা ১০ মিনিটের মধ্যেই করতে পারি। কোথায় হামলা চালাতে পারে যুক্তরাষ্ট্র সেই আভাসও দিয়েছেন ট্রাম্প। ইরানকে পিক্যাক্স মাউন্টেন–এর দিকে নজর দিতে বলেছেন তিনি।

ট্রাম্প বলেন, আপনি পিকঅ্যাক্স পর্বতের দিকে তাকাতে পারেন। সেটির বিষয়ে ব্যবস্থা নিতে হবে। আমরা এগুলো সবই খুব দ্রুত করতে পারি। তবে কবে বা কী ভাবে হামলার পরিকল্পনা করছেন সে ব্যাপারে কিছু খোলসা করে বলেননি তিনি।

পূর্ববর্তী নিবন্ধব্রিটিশ নৌ ও বিমানবাহিনীকে সন্ত্রাসী সংগঠন ঘোষণা ইরানের, এমআই৬ শত্রু
পরবর্তী নিবন্ধইসরায়েলে ইহুদি-আরব জোটের দাবিতে কয়েক হাজার মানুষের সমাবেশ