ইরানের ম্যাচ মেক্সিকোতে সরানোর আবেদন নাকচ ফিফার

স্পোর্টস ডেস্ক | বুধবার , ১৮ মার্চ, ২০২৬ at ১১:৩২ পূর্বাহ্ণ

যুক্তরাষ্ট্র এবং ইরানের মধ্যে চলমান যুদ্ধাবস্থা এবং উত্তেজনার প্রেক্ষাপটে ইরানের ম্যাচগুলোর ভেন্যু পরিবর্তনের দাবি উঠলেও ফিফা তাদের নির্ধারিত সূচিতেই অটল থাকার ইঙ্গিত দিয়েছে। মঙ্গলবার এক বিবৃতিতে ফিফা জানিয়েছে, তারা পূর্বঘোষিত সূচি অনুযায়ীই সব দেশের অংশগ্রহণ প্রত্যাশা করছে। ইরানের ফুটবল ফেডারেশনের সভাপতি মেহেদি তাজ দাবি করেছিলেন, যুক্তরাষ্ট্রে তাদের খেলোয়াড়দের নিরাপত্তা নিশ্চিত নয়। বিশেষ করে মার্কিন প্রেসিডেন্ট ডোনাল্ড ট্রাম্পের মন্তব্যের পর ইরান সরাসরি যুক্তরাষ্ট্রে গিয়ে খেলতে অস্বীকৃতি জানায়। প্রেসিডেন্ট ট্রাম্প বলেছিলেন, ইরান বিশ্বকাপে ‘স্বাগত’, কিন্তু তাদের নিজেদের জীবনের নিরাপত্তার খাতিরে সেখানে আসা ‘যুক্তিযুক্ত নয়’। এই মন্তব্যকে হুমকি হিসেবে দেখছে ইরান। ইরান পাল্টা দাবি করে বলছে, যে দেশ অংশগ্রহণকারী দলগুলোর নিরাপত্তা দিতে পারে না, তাদের বিশ্বকাপ আয়োজক হওয়ার যোগ্যতা নেই। ফিফার একজন মুখপাত্র জানিয়েছেন, তারা ইরানসহ অংশগ্রহণকারী সব দেশের সাথে নিয়মিত যোগাযোগ রাখছেন। তবে ২০২৫ সালের ৬ ডিসেম্বর ঘোষিত সূচি পরিবর্তনের কোনো পরিকল্পনা তাদের নেই। অর্থাৎ, মেক্সিকোতে ম্যাচ সরানোর সম্ভাবনা আপাতত নাকচ করে দিয়েছে ফুটবলের সর্বোচ্চ নিয়ন্ত্রক সংস্থা।

পূর্ববর্তী নিবন্ধঢাকায় শমিত সোম, প্রস্তুত সুলিভানরাও
পরবর্তী নিবন্ধসালমান আগার রান আউট বিতর্কে এমসিসির বক্তব্য