বাংলাদেশে নতুন সরকারের সঙ্গে ‘ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী’ মনোভাব নিয়ে কাজ করার ইচ্ছার কথা বলেছেন ঢাকায় ভারতীয় হাই কমিশনার প্রণয় ভার্মা। গতকাল রোববার পররাষ্ট্র মন্ত্রণালয়ে পররাষ্ট্রমন্ত্রী খলিলুর রহমান ও প্রতিমন্ত্রী শামা ওবায়েদ ইসলামের সঙ্গে সৌজন্য সাক্ষাতের পর তিনি এ কথা বলেন। প্রণয় ভার্মা বলেন, আজ পররাষ্ট্রমন্ত্রীর সাথে বৈঠকে আমি আমাদের অবস্থান পুনর্ব্যক্ত করেছি যে আমরা বাংলাদেশের নতুন সরকারের সঙ্গে কাজ করার প্রতীক্ষায় আছি। আমি জানিয়েছি, পারস্পরিক স্বার্থ ও লাভের ভিত্তিতে ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যতমুখী মনোভাব নিয়ে সব ক্ষেত্রে জনগণকেন্দ্রিক সহযোগিতা আরও জোরদার করতে আমরা একসঙ্গে কাজ করতে চাই। খবর বিডিনিউজের।
নির্বাচনের পর প্রধানমন্ত্রী নরেন্দ্র মোদীর শুভেচ্ছা বার্তা এবং শপথ অনুষ্ঠানের স্পিকার ওম বিড়লার অংশগ্রহণ ও চিঠি হস্তান্তরের কথা মনে করিয়ে দিয়ে হাই কমিশনার বলেন, তারই ধারাবাহিকতায় রোববার পররাষ্ট্রমন্ত্রীর সঙ্গে তার এই সৌজন্য সাক্ষাৎ। প্রণয় ভার্মা বলেন, এই সমস্ত যোগাযোগের মাধ্যমে আমরা বাংলাদেশের সঙ্গে আমাদের ঐতিহাসিক সম্পর্ক আরো এগিয়ে নেওয়ার এবং আমাদের বহুমুখী দ্বিপক্ষীয় সম্পর্ককে শক্তিশালী করার ইচ্ছা প্রকাশ করেছি। আমরা একটি গণতান্ত্রিক, প্রগতিশীল এবং অন্তর্ভুক্তিমূলক বাংলাদেশকে সমর্থন দেবার প্রতিশ্রুতিও তুলে ধরেছি।
বাংলাদেশিদের জন্য ভিসা সেবা নিয়মিত করার বিষয়ে কোনো আলোচনা হয়েছে কিনা, সে বিষয়ে সরাসরি কোনো উত্তর দেননি হাই কমিশনার। তিনি বলেন, আমি যেভাবে বলেছি, সবক্ষেত্রে জনগণ–কেন্দ্রিক সহযোগিতা এগিয়ে নিতে ভবিষ্যৎমুখী মনোভাব নিয়ে কাজ করার প্রতীক্ষায় আমরা আছি। আমি মনে করি, আমাদের দ্বিপক্ষীয় সম্পর্কের খুব গুরুত্বপূর্ণ অংশ হচ্ছে জনগণের সঙ্গে জনগণের বিনিময়। ইতিবাচক, গঠনমূলক ও ভবিষ্যৎমুখী মনোভাব নিয়ে একসঙ্গে কাজ করে সবকিছু এগিয়ে নিয়ে যাওয়ার আশা আমরা করছি। এদিকে বৈঠকের আলোচনার বিষয়ে পররাষ্ট্র মন্ত্রণালয়ের এক সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়েছে, দ্বিপক্ষীয় সম্পর্ককে আরও এগিয়ে নিতে নতুন সরকারের সঙ্গে নিবিড়ভাবে কাজ করার বিষয়ে ভারত সরকারের প্রস্তুত থাকার কথা বলেছেন হাই কমিশনার প্রণয় ভার্মা। অন্যদিকে পররাষ্ট্রমন্ত্রী দুদেশের জনগণের লাভের জন্য পারস্পরিক স্বার্থের ভিত্তিতে ভবিষ্যৎমুখী ও ভারসাম্যপূর্ণ অংশীদারত্ব গড়ার ইচ্ছার কথা বলেছেন।
সংবাদ বিজ্ঞপ্তিতে বলা হয়, উভয়পক্ষ ‘নিয়মিত ও গঠনমূলক’ যোগাযোগ রাখার বিষয়ে একমত হয়েছে। পররাষ্ট্রমন্ত্রী খলিলকে দিল্লি সফরের জন্য ভারতের পররাষ্ট্রমন্ত্রী এস জয়শঙ্করের পক্ষ থেকে আমন্ত্রণ জানিয়েছেন প্রণয় ভার্মা।










