স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনের দিনক্ষণ নির্ধারণের জন্য আজ সোমবার বৈঠকে বসছে নির্বাচন কমিশন। সকাল সাড়ে ১০টায় নির্বাচন ভবনে প্রধান নির্বাচন কমিশনার–সিইসি এ এম এম নাসির উদ্দেনের সভাপতিত্বে কমিশন সভা শুরু হবে। এতে চার নির্বাচন কমিশনার ও নির্বাচন কমিশন সচিবসহ সংশ্লিষ্ট কর্মকর্তারা উপস্থিত থাকবেন। খবর বিডিনিউজের।
নির্বাচন কমিশনার আবুল ফজল মো. সানাউল্লাহ ইতোমধ্যে বলেন, ‘সোমবারে কমিশন মিটিংয়ে আমরা দিনক্ষণ চূড়ান্ত করে জানিয়ে দেব–ইউনিয়ন পরিষদ নির্বাচন কয় স্লটে হবে, কবে হবে। সাড়ে চার হাজার ইউনিয়ন পরিষদের নির্বাচন ধাপে ধাপে জুনের প্রথমার্ধে শেষ করার কথা রয়েছে। তফসিল আমরা ঘোষণা করব না। তফসিল ঘোষণা করবেন জেলা নির্বাচন কর্মকর্তারা। আমরা স্লটগুলো বলে দেব যে–কোন কোন স্লটে নির্বাচনগুলো অনুষ্ঠিত হবে।’
নির্বাচন কমিশনের প্রাথমিক পরিকল্পনায় পরীক্ষার ফাঁকে স্থানীয় সরকারের ইউনিয়ন পরিষদের ভোটের জন্য সম্ভাব্য সময় ছিল– প্রথম ধাপ ১২ নভেম্বর, দ্বিতীয় ধাপ ১৩ ডিসেম্বর, তৃতীয় ধাপ ৩০ ডিসেম্বর, চতুর্থ ধাপ আগামী বছরের ১৭ জানুয়ারি, পঞ্চম ধাপ আগামী বছরের ৪ ফেব্রুয়ারি, ষষ্ঠ ধাপ ২২ এপ্রিল এবং সপ্তম ধাপ ২৭ মে।
কিন্তু আন্তঃমন্ত্রণালয় সভায় সরকারের তরফে পরীক্ষার কারণে নভেম্বর–ডিসেম্বরে ভোট না করার পরামর্শ আসে। তবে ওই বৈঠকের পর ৬ জুনের মধ্যে ইউনিয়ন পরিষদের ভোট শেষ করার বিষয়ে সবাই সম্মত হয়েছে।












