বাংলাদেশের ইউনাইটেড ট্যুরিজম স্টেকহোল্ডার্স সোসাইটি অব বাংলাদেশ ও চায়না আউটবাউন্ড ট্যুরিজম রিসার্চ ইনস্টিটিউট গত ১৫ জুলাই সমঝোতা স্মারক স্বাক্ষর করেছে। এই সমঝোতার মাধ্যমে পর্যটন গবেষণা, জ্ঞান বিনিময় এবং টেকসই পর্যটন উন্নয়নে একটি কৌশলগত অংশীদারত্বের সূচনা হলো।
ইউটিএসএসওবি’র পক্ষে সমঝোতা স্মারকে স্বাক্ষর করেন সংগঠনের সভাপতি এইচ এম হাকিম আলী এবং সাধারণ সম্পাদক রেজাউল একরাম। চায়না আউটবাউন্ড ট্যুরিজম রিসার্চ ইনস্টিটিউটের পক্ষে স্বাক্ষর করেন প্রতিষ্ঠানটির প্রতিষ্ঠাতা ও প্রধান নির্বাহী কর্মকর্তা প্রফেসর ড. উলফগ্যাং জর্জ আরল্ট। স্বাক্ষর অনুষ্ঠানে ইউটিএসএসওবি’র সহ–সভাপতি তৌফিক রহমান উপস্থিত ছিলেন। এই অংশীদারত্বের মূল লক্ষ্য হলো পর্যটন গবেষণা, গন্তব্য (ডেস্টিনেশন) গবেষণা, বাজার বিশ্লেষণ, নীতিগত অ্যাডভোকেসি, সক্ষমতা উন্নয়ন, সেমিনার, কর্মশালা এবং জ্ঞান ও অভিজ্ঞতা বিনিময়ের মাধ্যমে দীর্ঘমেয়াদি সহযোগিতা গড়ে তোলা। অনুষ্ঠানে উভয় প্রতিষ্ঠানের প্রতিনিধিরা আশা প্রকাশ করেন যে, এই অংশীদারত্ব গবেষণাভিত্তিক পর্যটন উন্নয়নে গুরুত্বপূর্ণ অবদান রাখবে এবং পর্যটন শিল্পের দীর্ঘমেয়াদি প্রবৃদ্ধির লক্ষ্যে আন্তর্জাতিক সহযোগিতাকে আরও সুদৃঢ় করবে। প্রেস বিজ্ঞপ্তি।











