আলোকিত জাতি গঠনে বই পড়ার বিকল্প নেই

হাটহাজারী পার্বতী মডেল উচ্চ বিদ্যালয়ে প্রতিমন্ত্রী মীর হেলাল

হাটহাজারী প্রতিনিধি | বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:২৭ পূর্বাহ্ণ

হাটহাজারী পার্বতী মডেল সরকারি উচ্চ বিদ্যালয়ে পবিত্র ঈদে মিলাদুন্নবী (.) উদযাপন উপলক্ষে আয়োজিত বার্ষিক ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণী অনুষ্ঠানে প্রধান অতিথির বক্তব্যে ভূমি ও পার্বত্য চট্টগ্রাম বিষয়ক প্রতিমন্ত্রী ব্যারিস্টার মীর মোহাম্মদ হেলাল উদ্দীন এমপি বলেছেন, আলোকিত জাতি গঠনে বই পড়ার বিকল্প নেই।

গতকাল বুধবার বিদ্যালয় মিলনায়তনে ইসলামী সাংস্কৃতিক প্রতিযোগিতার পুরস্কার বিতরণ উপলক্ষে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়। হাটহাজারী উপজেলা নির্বাহী অফিসার আবদুল্লাহ আল মুমিন অনুষ্ঠানে সভপতিত্ব করেন। বিদ্যালয়ের প্রধান শিক্ষক মোহাম্মদ জসিম উদ্দিন স্বাগত বক্তব্য দেন।

প্রধান অতিথি শিক্ষার্থীদের ভালো মানুষ হওয়ার প্রত্যয়ে অধ্যয়ন করার নির্দেশনা প্রদান করেন। অভিভাবকদের স্বস্ব সন্তানদের সুশিক্ষা ও নৈতিক গুণাবলী সম্পন্ন সুনাগরিক হিসেবে গড়ে তোলার প্রতি মনোযোগী হওয়ার জন্য অনুরোধ জানান। সামাজিক যোগাযোগ মাধ্যমে সময় ব্যয় না করে বইয়ের প্রতি মনোনিবেশ করার জন্য তিনি শিক্ষার্থীদের আহবান জানান। অভিভাবকমণ্ডলী দীর্ঘক্ষণ বিদ্যালয়ের অনুষ্ঠানে সময় দেওয়ায় প্রধান অতিথি তাদের ধন্যবাদ জানান। অনুষ্ঠানে অন্যান্যের মধ্যে উপস্থিত ছিলেন সহকারী কমিশনার (ভূমি) শাহেদ আরমান, থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা মোহাম্মদ জাহিদুর রহমান, উত্তর জেলা ছাত্রদল সভাপতি ইঞ্জিনিয়ার তকিবুল হাসান চৌধুরী তকি, হাটহাজারী পৌরসভা বিএনপির যুগ্ম আহবায়ক অ্যাডভোকেট মোহাম্মদ রিয়াদ প্রমুখ। অনুষ্ঠান সঞ্চালনা করেন বিদ্যালয়ের সহকারী প্রধান শিক্ষক মো. ইলিয়াছ। শেষে বিজয়ী শিক্ষার্থীদের মাঝে পুরস্কার বিতরণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধচট্টগ্রামে উপজেলা-পৌরসভা-ইউপি ও চসিক নির্বাচনের চূড়ান্ত ভোটকেন্দ্রের তালিকা প্রকাশ
পরবর্তী নিবন্ধকৌতুক কণিকা