আর্জেন্টিনার প্রেসিডেন্ট ফাইনাল খেলা দেখবেন বাড়িতে বসেই

স্পোর্টস ডেস্ক | শনিবার , ১৮ জুলাই, ২০২৬ at ১০:৫২ পূর্বাহ্ণ

ফিফার আমন্ত্রণ গ্রহণ করলেও বিশ্বকাপ ফাইনাল দেখতে আমেরিকায় যাবেন না আর্জেন্টিনার প্রেসিডেন্ট জেভিয়ার মিলেই। মেটলাইফ স্টেডিয়ামের ভিআইপি বক্সের সংরক্ষিত আসনে বসে নয়, নিজের বাসভবনে বসে খেলা দেখার সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিশ্বকাপ ফাইনাল দেখতে না যাওয়ার কথা বৃহস্পতিবারই জানিয়ে দিয়েছেন মিলেই। ব্যক্তিগত বিশ্বাস থেকেই এই সিদ্ধান্ত নিয়েছেন তিনি। বিশ্বকাপে লিওনেল মেসিদের সব ম্যাচ নিজের বাড়িতে বসেই দেখেছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। প্রতিটি ম্যাচ জিতেছেন মেসিরা। মিলেইয়ের বিশ্বাস, নিজের বাড়ির টেলিভিশনে খেলা দেখলে আর্জেন্টিনা আবার বিশ্বচ্যাম্পিয়ন হবে। শুধু তাই নয়, মেসিদের প্রতিটি ম্যাচ তিনি দেখছেন বিশেষ একটি জ্যাকেট পরে। ফাইনালের দিনও সেটিই থাকবে তাঁর গায়ে। বুয়েনস এয়র্সের একটি রেডিওকে মিলেই বলেছেন, ‘ডোনাল্ড ট্রাম্পের পাশে বসে বিশ্বকাপ ফাইনাল দেখার প্রশ্নই নেই। বাড়িতে বসেই বিশ্বকাপের সব ম্যাচ দেখেছি। ফাইনালও সে ভাবেই দেখব। এখানে এখন বেশ ঠান্ডা। আমি ঘরে হিটার জ্বালাই না। একটা বিশেষ জ্যাকেট পরে খেলা দেখি। সুইজারল্যান্ড ম্যাচের দিন খুব গরম লাগছিল। জ্যাকেট খুলে ফেলেছিলাম। তখনই সুইজারল্যান্ড গোল দিয়ে দেয়। তা দেখে আবার জ্যাকেটটা পরে ফেলি। তার পর আমরা জিতে যাই। তার পর থেকে সব ম্যাচই ওই জ্যাকেটটা পরে দেখেছি।’ আমেরিকার প্রেসিডেন্টের সঙ্গে মিলেই’র সুসম্পর্ক রয়েছে। দু’জনেই পরস্পরকে ঘনিষ্ঠ বন্ধু হিসাবে বহু বার উল্লেখ করেছেন। তাও দেশের স্বার্থ এবং নিজের বিশ্বাসকে গুরুত্ব দিয়ে বাড়িতে বসে খেলা দেখার সিদ্ধান্ত নিয়েছেন আর্জেন্টিনার প্রেসিডেন্ট। বিশ্ব জুড়ে খেলোয়াড় এবং সমর্থকদের মধ্যে নানা কুসংস্কার রয়েছে। মিলেইও ব্যতিক্রম নন।

পূর্ববর্তী নিবন্ধবিশ্বকাপ জয়ীদের বিশেষ আংটি উপহার দেবে ফিফা
পরবর্তী নিবন্ধফাইনালে ছেলের পাশে থাকতে পারবেন না ইয়ামালের বাবা