অন্তর্বর্তী সরকারের শেষ সময়ে এসে নিজের কাজের ফিরিস্তি দিয়ে আইন উপদেষ্টা আসিফ নজরুল বলেছেন, গত দেড় বছরে বিভিন্ন সংস্কার ও কার্যক্রম আইন মন্ত্রণালয়ের টিমওয়ার্কের ফল, ব্যক্তিগত কৃতিত্বের নয়।
তার কার্যক্রম নিয়ে সমালোচনার জবাবে গত রোববার রাতে নিজের ফেসবুকে দীর্ঘ পোস্ট দেন তিনি। লেখেন, ভাই, আমি কিছু করিনি। করেছে আমাদের আইন মন্ত্রণালয়। তবে এর প্রতিটি কাজে আমি অংশীদার ছিলাম। আমি জানি তারপরও সমালোচনা করতে কারো কারো ভালো লাগবে। সেটা করেন, সমস্যা নাই। তবে আমার একান্ত অনুরোধ তার আগে, কী কী কাজ করা হয়েছে তা একটু জেনে নিন।
নিজের দৈনন্দিন কাজের সূচি তুলে ধরে অন্তর্বর্তী সরকারে তিন মন্ত্রণালয়ের দায়িত্ব পালন করা আসিফ নজরুল বলেন, খুব সকালে অফিসে এসে প্রয়োজনে রাত ৮টা–৯টা পর্যন্ত থেকেছি, সামান্য বিশ্রাম নিয়ে গভীর রাতে বাসায় আবার কাজ করেছি। বহু শুক্রবার, শনিবার সচিবালয়ে অফিস করেছি। খবর বিডিনিউজের।
আইন উপদেষ্টার পাশাপাশি প্রবাসী কল্যাণ এবং শেষ দিকে ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পালন করেন তিনি। তফসিল ঘোষণার দিন থেকে আগের ছাত্র উপদেষ্টা আসিফ মাহমুদ সজীব ভূঁইয়ার পদত্যাগ কার্যকর হলে তিনি ক্রীড়া উপদেষ্টার দায়িত্ব পান। এরপর আইপিএল থেকে মুস্তাফিজকে বাদ দেওয়ার ঘটনাকে কেন্দ্র করে টি–টোয়েন্টি বিশ্বকাপে খেলতে বাংলাদেশ ক্রিকেট দলের ভারত না যাওয়ার সিদ্ধান্তে তিনি ব্যাপক সমালোচনার মুখে পড়েন। গত দেড় বছরের দায়িত্ব পালনকালেও অনেকের সমালোচনার মুখে পড়েন তিনি।











