আনোয়ারায় মাইক্রোবাসে করে এসে দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের ব্যানারে ঝটিকা মিছিলের চেষ্টাকালে ৩০ জনকে আটক করা হয়েছে। এ ঘটনায় আনোয়ারা থানায় সন্ত্রাস বিরোধী আইনে মামলা হয়েছে। আটকদের মধ্যে অধিকাংশ কিশোর রয়েছে। অভিযানকালে দুটি মাইক্রোবাস (হাইস) ও ব্যানার জব্দ করা হয়েছে। গতকাল রোববার সকাল সাড়ে ৯টায় পিএবি সড়কের বরুমচড়া রাস্তার মাথা এলাকায় জেলা গোয়েন্দা পুলিশ (ডিবি) অভিযান চালিয়ে তাদের আটক করে। আটকদের বাড়ি বাঁশখালীর বাহারছড়া ইউনিয়নে।
পুলিশ জানায়, গতকাল সকাল সাড়ে ৯ টার দিকে চট্টমেট্রো–চ ১১–৬৬৪৪ ও চট্টমেট্রো–চ ১১–৯৬০০ মাইক্রোবাসে করে এসে বরুমচড়া রাস্তার মাথা এলাকায় চট্টগ্রাম দক্ষিণ জেলা আওয়ামী যুবলীগের ব্যানারে মিছিল করার চেষ্টা করা হয়। এসময় ঘটনাস্থলের কাছাকাছি অবস্থান নেওয়া জেলা গোয়েন্দা পুলিশের বিশেষ টিম অভিযান পরিচালনা করে ৩০ জনকে আটক করে আনোয়ারা থানা পুলিশের কাছে হস্তান্তর করে। একই সঙ্গে আটকদের নিয়ে আসা দুটি মাইক্রোবাস ও ব্যানার জব্দ করা হয়।
আটককৃতরা হলেন, মো. ইসমাইল (২০), মো. নজরুল ইসলাম (৩৪), নোমান মাহমুদ (১৫), মো. রিয়াজ (১৭), মো. ইমন (১৭), মো. মিশকাত (২১), মাহিম উদ্দিন তুরাজ (১৫), মো. হাছান (১৫),মো. আরিফ (১৮), মো. মিশকাত (১৫), মো. রাকিব (১৫), মো. মুজাহিদ (১৭), মো. জিহাদ (১৪), মো. রিফাত (১৮), আব্দুল্লাহ আল মামুন (১৫), মো. রিয়াদ (১৬), মিরাজ (১৫),মো. ছামির (১৫), মো. সাহেদ হোছাইন, মো. মিজবাহ (১২), মো. সজিব (১৬), মো. হাছান (১৫), মো. আজাদ হোসেন (১৯),রিফাতুল ইসলাম (১৫), মো. নেছার (১৪), মো. আরাফাত (১৯),মো. হৃদয় (২১), মো. খোকন (২৮), আব্দুর রহমান (১৪) ও মো. নাইম উদ্দিন (১৮)।
আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, জেলা গোয়েন্দা (ডিবি) পুলিশের বিশেষ অভিযানে নিষিদ্ধ ঘোষিত আওয়ামী যুবলীগের ব্যানারে মিছিল করার চেষ্টাকালে ৩০ জনকে আটক করা হয়েছে। আটককৃতদের বিরুদ্ধে সন্ত্রাস বিরোধী আইনে একটি মামলা হয়েছে।












