স্থানীয় সরকার ইউনিয়ন পরিষদ (ইউপি) নির্বাচনকে সামনে রেখে চট্টগ্রামের আনোয়ারা উপজেলার এগারো ইউনিয়নে চেয়ারম্যান প্রার্থী হতে বিএনপির দলীয় মনোনয়ন পেতে ৩৬ জন প্রার্থী জীবনবৃত্তান্ত জমা দিয়েছেন।
গতকাল শনিবার (১০ অক্টোবর) উপজেলার কালাবিবি দিঘী মোরস্থ একটি কনভেনশন হলে সার্চ কমিটির আয়োজনে বিএনপির সম্ভাব্য চেয়ারম্যান প্রার্থীদের তথ্য-উপাত্ত সংগ্রহ অনুষ্ঠানে প্রার্থীরা নেতৃবৃন্দের কাছে তাদের জীবনবৃত্তান্ত জমা দেন৷
তথ্য-উপাত্ত সংগ্রহ অনুষ্ঠানে যাচাই-বাছাই কমিটির সদস্য মাস্টার মো. রফিক, সরওয়ার হোসেন মাসুদ, দিল মোহাম্মদ মনজু, জাগির আহমদ ও মনছুর উদ্দিন উপস্থিত ছিলেন।
জানা যায়, প্রথমদিনে বৈরাগ ইউনিয়নে ৪ জন, বারশত ইউনিয়নে ৫ জন, রায়পুর ইউনিয়নে ২ জন, বটতলী ইউনিয়নে ৬ জন, বরুমচড়া ইউনিয়নে ১জন, বারখাইন ইউনিয়নে ১জন, আনোয়ারা সদর ইউনিয়নে ১জন, চাতরী ইউনিয়নে ২ জন, পরৈকোড়া ইউনিয়নে ৫ জন, হাইলধর ইউনিয়নে ৮ জন ও জুইদন্ডী ইউনিয়নে ১ জনসহ মোট ৩৬ জন জীবনবৃত্তান্ত জমা দেন। এসময় দলের দুঃসময়ে আন্দোলন-সংগ্রামে অংশগ্রহণ এবং দীর্ঘদিন ধরে ইউনিয়নের উন্নয়ন কর্মকাণ্ডে সম্পৃক্ত থাকার কথা তুলে ধরে দলীয় মূল্যায়নের প্রত্যাশা জানিয়েছেন চেয়ারম্যান প্রার্থী প্রত্যাশীরা৷
দক্ষিণ জেলা বিএনপির সদস্য সচিব লায়ন মোহাম্মদ হেলাল উদ্দিনসহ দলের সিনিয়র নেতারা জানিয়েছেন, ইউনিয়ন পরিষদে দলীয় চেয়ারম্যান প্রার্থী হতে একাধিক ব্যক্তি জীবনবৃত্তান্ত জমা দিলেও যাচাই-বাছাই শেষে জনপ্রিয়তা, দলের প্রতি আনুগত্য ও সামাজিক গ্রহণযোগ্যতা বিবেচনায় নিয়ে চূড়ান্ত প্রার্থী ঘোষণা করা হবে।











