আনোয়ারায় কেইপিজেড এর শ্রমিকবাহী বেপরোয়া গতির বাসের (চট্টমেট্রো জ ১১–০২৯০) ধাক্কায় দুই নারী নিহত হয়েছেন। এ ঘটনায় ছয়টি সিএনজি টেক্সি দুমড়ে–মুচড়ে ঘাতক বাসটি একটি পানের দোকানে ঢুকে পড়ে। জানা যায়, নিহত দুই নারী কেইপিজেডের শ্রমিক এবং সিএনজি যাত্রী ছিলেন। এ ঘটনায় যাত্রী পথচারীসহ আহত হয়েছেন ৩০ জন। গতকাল বৃহস্পতিবার রাত ৮টার দিকে চাতরী চৌমুহনী বাজারের কর্ণফুলী টানেল সংযোগ চত্বরে এই দুর্ঘটনা ঘটে। নিহতরা হলেন পলি দত্ত (৩০) ও ইফা শীল (৪০)। পলি দত্ত উপজেলার বারখাইন ইউনিয়নের ঝিউরি এলাকার রমিজ মেম্বারের বাড়ির কাজল দত্তের স্ত্রী। তিনি দুই সন্তানের জননী। অন্যদিকে ইফা শীল একই এলাকার শিমুল শীলের স্ত্রী।
প্রত্যক্ষদর্শী সিএনজি চালক নাজিম উদ্দিন বলেন, রাত ৮টার দিকে কেইপিজেডের শ্রমিক বহনকারী বেপরোয়া গতির বাসটি টানেল চত্বর ঘুরে পূর্ব পাশে ছয়/সাতটি সিএনজি দুমড়ে মুচড়ে স্থানীয় মন্নান সওদাগরের দোকানে ঢুকে পড়ে। এতে মন্নান সওদাগরের একমাত্র পুত্র মাহি (২২) মারাত্মকভাবে আহত হয়। ছেলের আহতের খবরে মন্নান সওদাগর হার্ট অ্যাটাক করে। পরে তাকে চমেক হাসপাতালে ভর্তি করানো হয়।
প্রত্যক্ষদর্শী মিশকাত জানায়, স্থানীয়রা আহতদের দ্রুত উদ্ধার করে আনোয়ারা উপজেলা স্বাস্থ্য কমপ্লেক্সে নিয়ে গেলে সেখানে দু’জনের মৃত্যু হয় এবং আহত হয় ৩০ জনের বেশি।
আহত পথচারী কোহিনুর আক্তার বলেন, স্বামীর জন্য একটি দোকানের সামনে অপেক্ষা করছিলাম। এ সময় বাসটি নিয়ন্ত্রণ হারিয়ে দোকানের ভেতরে ঢুকে পড়ে। এতে আমি ও দোকানদার আহত হই। আহত যাত্রী আহত যাত্রী দিদারুল আলম বলেন, কারখানা থেকে ছুটি শেষে তিনি বাড়ি ফিরছিলেন। টানেল চত্বরে পৌঁছানোর পর পেছন থেকে একটি বাস অটোরিকশাকে ধাক্কা দেয়। এতে অটোরিকশা চালকসহ ছয়জন গুরুতর আহত হন। পরে হাসপাতালে নেওয়ার পর দুজনকে মৃত ঘোষণা করা হয়।
স্থানীয়রা জানায়, ঘটনার সময় নিহত ও আহতদের আর্তচিৎকারে শত শত লোক উদ্ধার করতে এগিয়ে আসে। উদ্ধার কাজে সহযোগিতা করতে গেলে পকেটমার কৌশলে নিকটস্থ টানেল বাড়ি হোটেলের মালিক রেজাউল করিমের ৫০ হাজার টাকা হাতিয়ে নেয়।
আনোয়ারা স্বাস্থ্য ও পরিবার পরিকল্পনা কর্মকর্তা ডা. মাহাতাব উদ্দিন চৌধুরী বলেন, হাসপাতালে আনার আগে দুই মহিলার মৃত্যু হয়েছে। প্রাথমিক চিকিৎসা শেষে আহতদের চমেক হাসপাতালে পাঠানো হয়েছে। সেখানে কয়েকজনের অবস্থা আশংকাজনক রয়েছে।
এ বিষয়ে আনোয়ারা থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মো. জুনায়েত চৌধুরী জানান, দুর্ঘটনার খবর পেয়ে পুলিশ দ্রুত ঘটনাস্থলে গিয়ে আহতদের উদ্ধারের সহযোগিতা করে। এই ঘটনায় আইনানুগ ব্যবস্থা নেওয়া হচ্ছে।












