আনোয়ারা উপজেলা বিভিন্ন গ্রামে রাতের আধাঁরে ধানের মাঠে চষে বেড়াচ্ছে হাতি। ফসল ঘরে তোলার আগ মুহুর্তে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত হচ্ছেন কৃষকরা। গত বৃহস্পতিবার রাতে একটি হাতির দল বৈরাগ ইউনিয়নে কয়েক একর সোনালী ধানের মাঠের ফসল বিনষ্ট করার অভিযোগ পাওয়া গেছে। কৃষকদের অভিযোগ, গত কয়েক বছরে হাতির কারণে শত শত পরিবার ৩ ফসলি জমি অনাবাদি রেখে চাষাবাদে আগ্রহ হারিয়েছে।
বৈরাগে হাতির আক্রমণে ক্ষতিগ্রস্ত কৃষকরা হলেন মো. সফিউল আজম, মো. আক্তারুজ্জামান চৌধুরী। এছাড়াও বিভিন্ন সময়ে ক্ষতিগ্রস্ত হয়েছেন শাহ আলম, মোহাম্মদ আরফ আলি, মোহাম্মদ নাসির, আহম্মদ নবী, জাগির আলম, জানে আলম, নুর মোহাম্মদ, শওকত আলি। অপরদিকে হাতির আক্রমণে অতিষ্ঠ হয়ে তিন ফসলি জমি অনাবাদি রেখেছেন অনেক কৃষক।
ক্ষতিগ্রস্ত কৃষক শফিউল আজম বলেন, গত এক মাসে ৪ দফা হাতি আমার কয়েক একর ধানের মাঠ বিনষ্ট করেছে। এ বিষয়ে থানায় জিডি করেও কোনো প্রতিকার পাইনি। গত বৃহস্পতিবার রাতে সর্বশেষ আমার পাকা ধানে হাতি যে তাণ্ডব চালিয়েছে, এতে আমার অনেক ক্ষতি হয়েছে।
উপজেলা বন বিভাগের কর্মকর্তা আনিসুজ্জমান শেখ বলেন, আনোয়ারায় হাতির আক্রমণে ক্ষতিগ্রস্তদের ক্ষতিপূরণ দিচ্ছে বন বিভাগ।











