লোহাগাড়ায় আত্মগোপনে গিয়ে অপহরণের নাটক সাজিয়ে প্রতারণার অভিযোগে মো. রিদুয়ানুল হক (২৯) নামে এক যুবককে থানা হেফাজতে নিয়েছে পুলিশ। গতকাল সোমবার বিকেলে উপজেলার পদুয়া ইউনিয়নের আধার মানিক এলাকায় এক আত্মীয়ের বাড়ি থেকে তাকে উদ্ধার করা হয়। রিদুয়ানুল হক উপজেলার আমিরাবাদ ইউনিয়নের ৪ নম্বর ওয়ার্ডের আমির খাঁন চৌধুরী পাড়ার সৈয়দ আহমদের পুত্র। জানা যায়, গত ৯ অক্টোবর উপজেলা সদর বটতলী স্টেশনের মোস্তফা মার্কেটের ব্যবসায়ী বাবলু পালের দোকানে চুরির ঘটনা ঘটে। এ সময় দোকান থেকে চারটি ক্যামেরাসহ বিভিন্ন মালামাল চুরি হয়। পরে দোকানের সিসিটিভি ফুটেজ পর্যালোচনা করে রিদুয়ানুলকে সন্দেহ করেন দোকান মালিক। গত ১০ অক্টোবর এ ঘটনায় তাকে নিয়ে স্থানীয় এক রাজনৈতিক নেতার কার্যালয়ে বৈঠকও হয়। বৈঠকের পরদিন হঠাৎ নিখোঁজ হন রিদুয়ানুল। একই দিন তার পরিবারের পক্ষ থেকে থানায় নিখোঁজ ডায়েরি করা হয়। এরপর থেকে পুলিশ তাকে উদ্ধারের চেষ্টা চালিয়ে আসছিল।
এদিকে গতকাল সকালে গোপন সংবাদের ভিত্তিতে দোকান মালিক বাবলু পাল জানতে পারেন রিদুয়ানুল তার স্ত্রীসহ পদুয়া ইউনিয়নের ৯ নম্বর ওয়ার্ডের আধারমানিক এলাকার এক আত্মীয়ের বাড়িতে অবস্থান করছেন। খবর পেয়ে স্থানীয় ইউপি সদস্য জসীম উদ্দিন ও গ্রাম পুলিশ সদস্যরা ওই বাড়িতে যান। অভিযোগ রয়েছে, এ সময় বাড়ির লোকজন দরজা বন্ধ করে তাকে লুকিয়ে রাখার চেষ্টা করেন। বাড়ির ভেতরে প্রবেশ করতে গেলেও তাদের বাধার মুখে পড়তে হয়। পরে বিষয়টি লোহাগাড়া থানা পুলিশকে জানানো হলে পুলিশ ঘটনাস্থলে পৌঁছে বাড়ির দ্বিতীয় তলার ছাদের এক পাশে কালো পলিথিনে ঢাকা কাঠের স্তুপের ভেতর লুকিয়ে থাকা অবস্থায় রিদুয়ানুলকে উদ্ধার করে। পরে তাকে থানায় নেওয়া হয়।
লোহাগাড়া থানার ভারপ্রাপ্ত কর্মকর্তা (ওসি) মোহাম্মদ আবদুল্লাহ জানান, থানা হেফাজতে থাকা রিদুয়ানুলকে জিজ্ঞাসাবাদ করা হবে। জিজ্ঞাসাবাদ শেষে প্রকৃত ঘটনার রহস্য উদ্ঘাটন করা সম্ভব হবে।












