নগরীর আতুরার ডিপো এলাকায় একটি বেকারির কারখানায় খাবারে মিলেছে ইঁদুরের বিষ্ঠা ও মানুষের মাথার চুল। খাবার তৈরির স্থানে ছিল তেলাপোকা ও ইঁদুরের বিচরণ। এছাড়া খাদ্যপণ্য তৈরিতে ব্যবহার করা হচ্ছিল পোড়া তেল। এসব অনিয়মের দায়ে পাছাজিও ফুডস (ড্রিপ্স) নামে ওই প্রতিষ্ঠানটিকে ৩ লাখ টাকা জরিমানা করেছে জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তর।
একই অভিযানে আতুরার ডিপো ডক্টরস ডায়াগনস্টিককে ১৫ হাজার টাকা জরিমানা করা হয়। প্রতিষ্ঠানটির ফ্রিজে মেয়াদোত্তীর্ণ রিল এজেন্ট সংরক্ষণের প্রমাণ পাওয়া যায়। গতকাল সোমবার নগরীর হাজিপাড়া ও আতুরার ডিপো সংলগ্ন এলাকায় অভিযান চালিয়ে দুটি প্রতিষ্ঠানকে মোট ৩ লাখ ১৫ হাজার টাকা জরিমানা করা হয়।
জাতীয় ভোক্তা অধিকার সংরক্ষণ অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয় ও চট্টগ্রাম মেট্রোপলিটন পুলিশের (সিএমপি) একটি দল যৌথভাবে এ তদারকি কার্যক্রম পরিচালনা করে। অভিযানে নেতৃত্ব দেন অধিদপ্তরের চট্টগ্রাম বিভাগীয় কার্যালয়ের উপপরিচালক মোহাম্মদ ফয়েজ উল্যাহ। তিনি বলেন, খাবার তৈরিতে পোড়া তেল ব্যবহার এবং অপরিচ্ছন্ন পরিবেশে খাবার প্রস্তুত করা জনস্বাস্থ্যের জন্য মারাত্মক ঝুঁকিপূর্ণ। ভোক্তাদের নিরাপদ খাদ্য নিশ্চিত করতে এ ধরনের অনিয়মের বিরুদ্ধে অভিযান অব্যাহত থাকবে। খাবার উৎপাদন ও বিপণনের ক্ষেত্রে স্বাস্থ্যবিধি এবং প্যাকেজিংয়ের নিয়ম মেনে চলতে সংশ্লিষ্ট ব্যবসায়ীদের সতর্ক করা হয়েছে।












