আজ পঁচিশে বৈশাখ, রবীন্দ্র জন্মজয়ন্তী

আজাদী ডেস্ক | শুক্রবার , ৮ মে, ২০২৬ at ১০:১১ পূর্বাহ্ণ

বিশ্বকবি ও বাংলা সাহিত্যের অন্যতম প্রধান ধারক রবীন্দ্রনাথ ঠাকুরের ১৬৫ তম জন্মদিন আজ। রবীন্দ্রনাথ ঠাকুর বাঙালির সৃজনে, মননে, রুচিতে, সংস্কৃতিতে আষ্টেপৃষ্ঠে জড়িয়ে আছেন। তাই তার জন্মদিনের উৎসব পালন যেন জাতির জীবনে বিশেষ গুরুত্বও বহন করে। কলকাতার জোড়াসাঁকোর বিখ্যাত ঠাকুর পরিবারে তাঁর জন্ম ১২৬৮ সনের ২৫ বৈশাখ। তার পিতার নাম দেবেন্দ্রনাথ ঠাকুর। মাতা সারদা সুন্দরী দেবী। রবীন্দ্রনাথের পূর্বপুরুষেরা খুলনা জেলার রূপসা উপজেলার পিঠাভোগে বাস করতেন। রবীন্দ্রনাথ ঠাকুর একাধারে কবি, ঔপন্যাসিক, নাট্যকার, সংগীতজ্ঞ, প্রাবন্ধিক, দার্শনিক, ভাষাবিদ, চিত্রশিল্পী ও গল্পকার। আট বছর বয়সে তিনি কবিতা লেখা শুরু করেন। বাঙালি সমাজে তার রচিত সংগীতের জনপ্রিয়তা এত বছর পরেও তুলনাহীনভাবে বাড়ছে। তিনি ২ হাজার গান রচনা করেন। অধিকাংশ গানে সুরারোপ করেন। তিনি তার গীতাঞ্জলি কাব্যগ্রন্থের জন্য ১৯১৩ সালে নোবেল পুরস্কার পেয়ে বাংলা ভাষা ও সাহিত্যকে বিশ্বসাহিত্যের দরবারে উঁচু আসনে প্রতিষ্ঠিত করেছিলেন। কবিগুরুর এ অনবদ্য সৃষ্টি ‘আমার সোনার বাংলা আমি তোমায় ভালোবাসি’ গানটি বাংলাদেশের জাতীয় সংগীত। ভারতের জাতীয় সংগীতটিও কবির লেখা। জন্মদিন নিয়ে বেশ কিছু কবিতা লিখেছিলেন কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুর। তাঁর একটি ‘জন্মদিন আসে বারে বারে/ মনে করাবারে-/ এ জীবন নিত্যই নূতন/ প্রতি প্রাতে আলোকিত/ পুলকিত দিনের মতন।’ এ ছাড়া ‘মোর চিত্তমাঝে? চিরনূতনের দিল ডাক/ পঁচিশে বৈশাখ’ এই চরণগুলো তো খুবই পরিচিত। আজ আবার ফিরে এল কবির জন্মদিন।

সৃজনকর্ম ছাড়াও রবীন্দ্রনাথ ঠাকুরের শিক্ষা, কৃষি, গ্রামীণ অর্থনীতি ও সমাজকল্যাণমূলক কর্মপরিধিও বিপুল এবং গভীর তাৎপর্যময়। বর্ণাঢ্য কর্মজীবনের অধিকারী দীর্ঘ রোগভোগের পর বিশ্বকবি রবীন্দ্রনাথ ঠাকুর বাংলা ১৩৪৮ সালের ২২শে শ্রাবণ কলকাতায় পৈতৃক বাসভবনে মৃত্যুবরণ করেন। বরাবরের মতোই সারা দেশে নানা কর্মসূচির মধ্য দিয়ে আজ কবিগুরু রবীন্দ্রনাথ ঠাকুরের জন্মদিন উদ্‌যাপিত হবে। চট্টগ্রামেও বর্ণাঢ্য আয়োজনে রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন করবে বিভিন্ন সংগঠন।

জেলা প্রশাসন :

রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে আজ বিকেল ৪টায় জেলা শিল্পকলা একাডেমি মিলনায়তনে ‘শান্তি ও মানবতার কবি রবীন্দ্রনাথ’ শীর্ষক আলোচনা সভার আয়োজন করা হয়েছে।

রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা :

রবীন্দ্র জন্মজয়ন্তী উপলক্ষে নগরীতে রবীন্দ্রসংগীত সন্ধ্যার আয়োজন করা হয়েছে। আজ শুক্রবার সন্ধ্যা ৬:৪৫ মিনিটে নগরীর থিয়েটার ইনস্টিটিউটের গ্যালারি হলে এই অনুষ্ঠানের আয়োজন করা হয়েছে। বাংলাদেশ রবীন্দ্রসংগীত শিল্পী সংস্থা, চট্টগ্রাম বিভাগীয় শাখার উদ্যোগে অনুষ্ঠানের মূল প্রতিপাদ্য হলো ‘হে নূতন দেখা দিক আরবার’। সংস্থার গুণী শিল্পীরা একক ও সমবেত রবীন্দ্রসংগীত পরিবেশন করবে। সংগীত পরিবেশন করবেন চট্টগ্রামের বিশিষ্ট রবীন্দ্রসংগীত শিল্পীরা। অনুষ্ঠান সঞ্চালনা ও পরিচালনা করবেন সংস্থার সাধারণ সম্পাদক অ্যাডভোকেট শুভাগত চৌধুরী। সভাপতিত্ব করবেন করবেন সংস্থার সভাপতি লাকী দাশ। আয়োজক সংস্থার পক্ষ থেকে সকল রবীন্দ্রানুরাগী ও সুধীজনকে নির্ধারিত সময়ে অনুষ্ঠান উপভোগ করার জন্য আমন্ত্রণ জানানো হয়েছে।

ক্বণন :

ক্বণন শুদ্ধতম আবৃত্তি অঙ্গন আজ বিকাল ৪:৩০ টায় চেরাগী পাহাড় মোড়স্থ আজাদী মিলনায়তনে ‘তোমার আখরগুলি’ শীর্ষক রবীন্দ্ররচনার আবৃত্তি অনুষ্ঠানের আয়োজন করেছে। রবীন্দ্র জন্মজয়ন্তী উদযাপন উপলক্ষে আবৃত্তি, গান আর কথামালা দিয়ে সাজানো হয়েছে এ অনুষ্ঠান। এতে সকলকে উপস্থিত থাকার জন্য অনুরোধ জানানো হয়েছে।

পূর্ববর্তী নিবন্ধহজ বিধিমালা মেনে চলার অনুরোধ ধর্ম মন্ত্রণালয়ের
পরবর্তী নিবন্ধমাঠপর্যায়ে দায়িত্ব থেকে সেনাবাহিনী পর্যায়ক্রমে প্রত্যাহার করা হবে : স্বরাষ্ট্রমন্ত্রী