ফ্র্যাঞ্চাইজি ক্রিকেটের ইতিহাসে এবারই প্রথম একসঙ্গে বাংলাদেশের ছয়জন ক্রিকেটার কোনো বিদেশি লিগে সুযোগ পাওয়ার নজির গড়লেন। পাকিস্তান সুপার লিগের (পিএসএল) ১১তম আসরে মাঠ মাতাতে ইতিমধ্যেই ভেন্যুতে পৌঁছে গেছেন নাহিদ রানা, তানজিদ হাসান তামিম, শরীফুল ইসলাম, মোস্তাফিজুর রহমান, রিশাদ হোসেন এবং পারভেজ হোসেন ইমন। আজ বৃহস্পতিবার থেকেই শুরু হচ্ছে জমজমাট এই আসর। এবারের পিএসএলে তিনটি ভিন্ন দলে ভাগ হয়ে খেলবেন বাংলাদেশের এই ক্রিকেটাররা। এর মধ্যে সবচেয়ে বেশি তিন টাইগার ক্রিকেটারকে দেখা যাবে পেশোয়ার জালমির জার্সিতে। দলটিতে নিলাম থেকে ডাক পেয়েছেন পেসার নাহিদ রানা, আর সরাসরি চুক্তিতে যুক্ত হয়েছেন ওপেনার তানজিদ তামিম ও পেসার শরীফুল ইসলাম। অন্যদিকে, লাহোর কালান্দার্সের হয়ে খেলবেন কাটার মাস্টার মোস্তাফিজুর রহমান ও টপ অর্ডার ব্যাটার পারভেজ হোসেন ইমন। আর লেগ স্পিনার রিশাদ হোসেন মাঠ মাতাবেন রাওয়ালপিন্ডি পিন্ডিজের হয়ে। লাহোরের ঐতিহাসিক গাদ্দাফি স্টেডিয়ামে উদ্বোধনী ম্যাচের মধ্য দিয়ে পর্দা উঠবে এবারের আসরের। প্রথম ম্যাচে মুখোমুখি হবে লাহোর কালান্দার্স ও হায়দরাবাদ কিংস। বাংলাদেশ সময় রাত ৮টায় ম্যাচটি শুরু হবে। এবারের আসরে মোট আটটি দল শিরোপার জন্য লড়াই করবে। দলগুলো হলো: লাহোর কালান্দার্স, পেশোয়ার জালমি, হায়দরাবাদ কিংসমেন, রাওয়ালপিন্ডি পিন্ডিজ, মুলতান সুলতানস, কোয়েটা গ্ল্যাডিয়েটর্স, ইসলামাবাদ ইউনাইটেড এবং করাচি কিংস। প্রাথমিকভাবে পাকিস্তানের বেশ কয়েকটি শহরে খেলা হওয়ার কথা থাকলেও নিরাপত্তা ও সার্বিক পরিস্থিতি বিবেচনায় এবারের সব ম্যাচ আয়োজন করা হবে কেবল লাহোর ও করাচিতে। দীর্ঘ লড়াই শেষে আগামী ৩ মে ফাইনালের মধ্য দিয়ে পর্দা নামবে এই আসরের।











