জেলা শিল্পকলা একাডেমি চট্টগ্রাম মিলনায়তনে অবিরাম অহর্নিশ, পথ চলার ছাব্বিশ শ্লোগান সম্বলিত অ্যাভাঁগার্ড’র ২৬ বছর পূর্তিতে ‘সুমন টিংকুর সৃজন মুকুর’ শীর্ষক পাঁচদিনের নাট্যোসবের আয়োজনের ৪র্থ দিন গতকাল ৫ এপ্রিল রোববার সন্ধ্যে ৭ টায় মঞ্চস্থ হয় ‘প্রতিভাস নাট্য সমপ্রদায়’ প্রযোজিত নাটক ‘পাপ’ । সমরেশ বসুর গল্প অবলম্বনে নাটকটির পাণ্ডুলিপি তৈরি করেন সুমন টিংকু। পরিকল্পনা ও নির্দেশনা দিয়েছেন কঙ্কন দাশ।
নাটকটি উপভোগে মনে আসে মানুষের পরিণতি নিয়তি নির্ধারিত নাকি কৃতকর্মের অনিবার্যতা? মানবজীবনের এক গভীর সত্যকে মঞ্চে রূপ দেয়া হয় নাটকে। গল্পের কেন্দ্রে রয়েছে রিপুর দুর্দমনীয়তায় সংগঠিত ভয়াবহ পাপ। শোক ও অনুতাপে জর্জরিত মানুষের অন্তর্গত দুর্বলতা, নিষিদ্ধ আকাঙ্ক্ষা ও নিয়তির নির্মম খেলার কাহিনিই পাপ। নাটকটিতে অভিনয়ে ছিলেন শাহীন চৌধুরী, পার্থ প্রতিম মহাজন, রাশেদুল ইসলাম, মৌসুমী চক্রবর্ত্তী মৌ, আদম মিজভি, জেসমিন জুঁই, দিগন্ত দেব রায়, সাইদুর রহমান চৌধুরী, আহাদুল্লাহ রাব্বী, শারমিনুর আকতার, রাফিয়া, এ টি এম সাইফুর রহমান, বীণা দাশগুপ্ত, পার্থ সরকার, পূর্ণতা চৌধুরী, তপতী দে, ও অর্পিতা চৌধুরী। ৫ দিনব্যাপী নাট্যোসবের আজ শেষদিনে সন্ধ্যা ৭টায় মঞ্চস্থ হবে অ্যাভাঁগার্ডের নাটক ‘চে’।
নাটকের টিকেট মিলনায়তনের কাউন্টারে এবং ০১৭৭৮৭৯৯৩৭৮ নম্বরে অনলাইনে অগ্রিম টিকিট পাওয়া যাবে। প্রেস বিজ্ঞপ্তি।














