আগ্রাবাদ এক্সেস রোডকে ‘জাতিসংঘ সড়ক’ নামকরণের প্রস্তাব

চট্টগ্রামে জাতিসংঘ দিবসের সমাবেশ

| রবিবার , ২৫ অক্টোবর, ২০২৬ at ৮:৩৬ পূর্বাহ্ণ

চট্টগ্রামস্থ আগ্রাবাদ এক্সেস রোডকে ‘জাতিসংঘ সড়ক’ নামকরণ করলে এখানে একটি জাতিসংঘ তথ্য অফিস খোলার পথ প্রসস্ত হবে বলে মন্তব্য করেছেন বিশিষ্ট কূটনীতিক ও শিক্ষাবিদ মুহাম্মাদ নুরুল ইসলাম। জাপানের সাবেক এই কনসাল জেনারেল মুহাম্মদ নুরুল ইসলাম বলেন, একসময় চট্টগ্রামে জাতিসংঘের তথ্য অফিস ছিল। কিন্তু বিভিন্ন কারনে এখন তা না থাকলেও বর্তমানে বাণিজ্যিক রাজধানী চট্টগ্রাম হওয়ার প্রেক্ষিতে এখন তা আরও বেশী গুরুত্বপূর্ণ ও প্রাসঙ্গিক হয়ে উঠছে।

এ উপলক্ষে গতকাল সকাল ১১ টায় আগ্রাবাদ এক্সেস রোড বেপারী পাড়া মোড়ে জাতিসংঘ দিবস উপলক্ষে এক প্রীতি সমাবেশে প্রধান অতিথির বক্তব্যে তিনি এই আহবান জানান। চট্টগ্রাম উন্নয়ন মঞ্চ (সিডিপি) ও নিপ্পন একাডেমির যৌথ আয়োজনে সরোয়ার আমিন বাবুর সঞ্চালনায় অনুষ্ঠিত সমাবেশে উপস্থিত ছিলেন বিশিষ্ট সমাজকর্মী নিলুফার বেগম, এওটিএস কর্মকর্তা রহিম উল্লাহ, হাসান মুরাদ, মাসুম আকতার, খোরশেদ আলমসহ বিভিন্ন শ্রেণী পেশার মানুষ।

তিনি আরও বলেন, চট্টগ্রামে এই জাতিসংঘ তথ্য অফিস খোলা হলে বিভিন্ন পর্যায়ের শিক্ষার্থী ও তরুণ জনগোষ্ঠীর জন্য জাতিসংঘের সাথে সংযোগ ক্ষেত্র তৈরি হবে এবং উচ্চ শিক্ষা ও বিভিন্ন পর্যায়ে কর্মসংস্থানের সুযোগ সৃষ্টি হবে। এতে বাংলাদেশের আন্তর্জাতিক গুরুত্ব বাড়বে ও বৈদেশিক সম্পর্ক উন্নয়নে ভূমিকা রাখবে। জাতিসংঘের নামে কেন নামকরণ, এমন প্রশ্নের উত্তরে তিনি বলেন, ব্যক্তির নামে সাধারণত বিভিন্ন সড়কের নামকরণ হয়। কিন্তু একটি আন্তর্জাতিক সংস্থার নামে সড়কের নামকরণ করলে বাংলাদেশের সুনাম, মর্যাদা ও গ্রহনযোগ্যতা বাড়বে বলে মন্তব্য করেন তিনি। জাতিসংঘের সাধারণ পরিষদের সভাপতি খলিলুর রহমান একজন বাংলাদেশি। এতে বাংলাদেশের যেমন সম্মান ও মর্যাদা বেড়েছে তেমনি আন্তর্জাতিক পরিসরে বাংলাদেশের ব্যাপক পরিচিতি বেড়েছে।

তাই বাংলাদেশের একটি গুরুত্বপূর্ণ সড়কের নাম জাতিসংঘ সড়ক নামকরণ করে এই ঐতিহাসিক বিষয়টিকে স্মরণীয় করে রাখতে পারি। প্রীতি সমাবেশে স্থানীয় গন্যমান্য ব্যক্তিগণ উপস্থিত ছিলেন। জাতিসংঘ দিবস পালনকে স্মরনীয় রাখার জন্য সেখানে একটি নিম গাছের চারা রোপণ করা হয়।

পূর্ববর্তী নিবন্ধসীরাত প্রতিযোগিতার পুরস্কার বিতরণ ও দোয়া মাহফিল
পরবর্তী নিবন্ধতুলে ধরা হলো এক বছর মেয়াদি কর্মপরিকল্পনা