আইআইইউসিতে আন্তর্জাতিক শিক্ষা সেমিনার

| বৃহস্পতিবার , ৩ সেপ্টেম্বর, ২০২৬ at ৭:৪৩ পূর্বাহ্ণ

আন্তর্জাতিক ইসলামী বিশ্ববিদ্যালয় চট্টগ্রামে (আইআইইউসি) ইন্টারন্যাশনাল এডুকেশন সেমিনার ২০২৬ সম্প্রতি বিশ্ববিদ্যালয়ের কেন্দ্রীয় মিলনায়তনে অনুষ্ঠিত হয়। আইআইইউসির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশন এবং এডুম্যাঙ কনসালট্যান্সির উদ্যোগে সেমিনারটি অনুষ্ঠিত হয়।

সেমিনারে প্রধান অতিথি ছিলেন আইআইইউসির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী। সভাপতিত্ব করেন বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী। এ সময় বিশ্ববিদ্যালয়ের রেজিস্ট্রার কর্নেল মোহাম্মদ কাশেম উপস্থিত ছিলেন।

আইআইইউসির ভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মোহাম্মদ আলী আজাদী বলেন, আন্তর্জাতিক শিক্ষা কার্যক্রমের সঙ্গে শিক্ষার্থীদের সম্পৃক্ততা বাড়াতে এ ধরনের সেমিনার গুরুত্বপূর্ণ। এর মাধ্যমে শিক্ষার্থীরা বিদেশে উচ্চশিক্ষা ও গবেষণার বিভিন্ন সুযোগ সম্পর্কে সঠিক দিকনির্দেশনা পাবে।

বিশ্ববিদ্যালয়ের প্রোভাইস চ্যান্সেলর প্রফেসর ড. মুহাম্মদ হাসমত আলী বলেন, বিদেশে উচ্চশিক্ষার ক্ষেত্রে বিভিন্ন স্কলারশিপ শিক্ষার্থীদের জন্য গুরুত্বপূর্ণ সুযোগ তৈরি করছে। যোগ্যতা ও প্রস্তুতি অনুযায়ী এসব স্কলারশিপের সুযোগ কাজে লাগাতে শিক্ষার্থীদের এখন থেকেই একাডেমিক ও ভাষাগত দক্ষতা বাড়ানোর ওপর গুরুত্ব দিতে হবে।

সেমিনারে মুখ্য আলোচক ছিলেন ইরাসমাস প্লাস ন্যাশনাল ফোকাল পয়েন্টস নেটওয়ার্কের রিজিওনাল ম্যানেজার ড. মো. আশিকুর রহমান। তিনি বলেন, বিদেশে উচ্চশিক্ষার জন্য শিক্ষার্থীদের সঠিক তথ্য, প্রস্তুতি ও পরিকল্পনা প্রয়োজন।

সেমিনারে বক্তব্য রাখেন নর্থ সাউথ ইউনিভার্সিটির ফ্যাকাল্টি মেম্বার জাহিদুল ইসলাম মিয়াজী এবং এডুম্যাক্স কনসালট্যান্সির ব্যবস্থাপনা পরিচালক আবু হানিফ মোহাম্মদ নোমান। অনুষ্ঠান সঞ্চালনা করেন আইআইইউসির ইন্টারন্যাশনাল অ্যাফেয়ার্স অ্যান্ড স্টুডেন্ট ওয়েলফেয়ার ডিভিশনের ভারপ্রাপ্ত পরিচালক মুহাম্মদ মাহফুজুর রহমান। প্রেস বিজ্ঞপ্তি।

পূর্ববর্তী নিবন্ধসন্ত্রাস-মাদকের বিরুদ্ধে জিরো টলারেন্স : ডিআইজি
পরবর্তী নিবন্ধএয়াছিন শাহ কলেজ ও স্কুলে ক্বেরাত ও নাতে রাসূল প্রতিযোগিতা