আংশিক সূর্যগ্রহণ কাল, বাংলাদেশ থেকে দেখা যাবে না

| শনিবার , ২০ সেপ্টেম্বর, ২০২৫ at ৪:৫৩ পূর্বাহ্ণ

আংশিক সূর্যগ্রহণ হবে আগামীকাল রোববার (২১ সেপ্টেম্বর)। তবে বাংলাদেশ থেকে এ গ্রহণ দেখা যাবে না। আন্তঃবাহিনী জনসংযোগ পরিদপ্তর (আইএসপিআর) বৃহস্পতিবার এক সংবাদ বিজ্ঞপ্তিতে জানায়, বাংলাদেশ স্ট্যান্ডার্ড টাইম (বিএসটি) অনুযায়ী সূর্যগ্রহণ শুরু হবে ২১ সেপ্টেম্বর রাত ১১টা ২৯ মিনিট ৪৮ সেকেন্ডে। সর্বোচ্চ গ্রহণ হবে ২২ সেপ্টেম্বর রাত ১টা ৪১ মিনিট ৫৪ সেকেন্ডে এবং গ্রহণ শেষ হবে রাত ৩টা ৫৩ মিনিট ৩৬ সেকেন্ডে। গ্রহণের মোট স্থায়িত্বকাল প্রায় ৪ ঘণ্টা ২৪ মিনিট। আইএসপিআর জানায়, এ সূর্যগ্রহণ দেখা যাবে নিউজিল্যান্ড, পূর্ব মেলানেশিয়া, দক্ষিণ পলিনেশিয়া ও পশ্চিম অ্যান্টার্কটিকা অঞ্চলে। খবর বাসসের। গ্রহণের কেন্দ্রীয় গতিপথের বিবরণ অনুযায়ী, স্থানীয় সময় সকাল ৫টা ৫৩ মিনিট ১৭ সেকেন্ডে যুক্তরাষ্ট্রের সামোয়া দ্বীপের উত্তরপূর্ব দিকে দক্ষিণ প্রশান্ত মহাসাগরে গ্রহণ শুরু হবে। সর্বোচ্চ গ্রহণ দেখা যাবে সকাল ১০টা ১৩ মিনিট ৩৯ সেকেন্ডে অ্যান্টার্কটিকার ডুমন্ট ডি’উরভিল আবহাওয়া কেন্দ্র থেকে দক্ষিণপশ্চিম দিকে। গ্রহণ শেষ হবে বিকেল ৫টা ৪৮ মিনিট ৩৮ সেকেন্ডে অ্যান্টার্কটিকার আলেকজান্ডার দ্বীপ থেকে উত্তরপশ্চিম দিকে। আইএসপিআর আরও জানায়, সূর্যগ্রহণের সর্বোচ্চ মাত্রা হবে ০.৮৫৫।

পূর্ববর্তী নিবন্ধমশার মাধ্যমে ১৪ কোটি মানুষকে ডেঙ্গু থেকে রক্ষার চেষ্টায় ব্রাজিল
পরবর্তী নিবন্ধবিসিএস পরীক্ষা অনুষ্ঠিত