বাংলাদেশের হয়ে প্রথম সাফ চ্যাম্পিয়নশিপ খেলতে হামজা চৌধুরী সকালেই বিমান থেকে নামেন ঢাকায়। এরপর সতীর্থদের সাথে দেখা করে, নাস্তা সেরে হালকা বিশ্রাম করেন। দুপুরের পরই তিনি টিম বাসে করে চলে যান এবিজি স্পোর্টস কমপ্লেক্সে। যেখানে হয়েছে বাংলাদেশের অনুশীলন। হামজা আসার আগেই অবশ্য ২০০৩ সালের পর সাফ শিরোপা ফিরে পাওয়ার পথে যাত্রা শুরু করে দিয়েছে বাংলাদেশ। ভুটানকে ১–০ গোলে হারিয়ে সেমি–ফাইনাল খেলাও নিশ্চিত করেছে টমাস ডুলির দল। আগামীকাল বুধবার গ্রুপে নিজেদের শেষ ম্যাচে শ্রীলঙ্কার মুখোমুখি হবে বাংলাদেশ। সেরা চারে খেলা নিশ্চিত হয়ে যাওয়ায় শ্রীলঙ্কার বিপক্ষে নির্ভার হয়েই খেলতে পারবেন হামজা। তবে, প্রস্তুতি তিনি নিলেন আটঘাঁট বেঁধে। একটু দেরিতে মাঠে ঢুকে তিনি এক ছুটে চলে গেলেন অন্য কোণে, যেখানে সবাই অনুশীলনে ব্যস্ত। গা–গরমের পর জুটিবদ্ধ হয়ে করা অনুশীলনে হামজার সঙ্গী হলেন মোহাম্মদ ইব্রাহিম। ভুটানের বিপক্ষে জয়ে একমাত্র গোলটি করেন এই ফরোয়ার্ড। শ্রীলঙ্কার বিপক্ষে ম্যাচে হামজা–ইব্রাহিমের বোঝাপড়া দলের জন্য গুরুত্বপূর্ণ, সেটাই যেন ফুটে উঠল ওই অনুশীলনে। হামজা আসায় কেবল দলের মধ্যে নয়, সমর্থকদের মধ্যেও বাড়তি উন্মাদনা তৈরি হয়েছে। কারণ হামজা বাংলাদেশের জন্য অনেক দরকারি একজন খেলোয়াড়। তিনি আসাতে দলের প্রত্যেক খেলোয়াড় আরও উজ্জীবিত হয়েছেন। তিনি হোটেলে ঢুকেই ডাইনিংয়ে চলে যান ব্রেকফাস্টরত সবার সাথে দেখা করতে। সবার সাথে বসে নাস্তাও সারেন। তার এই যোগদান খেলোয়াড় এবং দলের জন্য খুবই গুরুত্বপূর্ণ।
খেলোয়াড়রাও চাইছিলেন হামজা চলে আসুন। দলে যোগ দিন। কারণ তারা জানে হামজা নিজ দায়িত্ব নিয়ে খেলে এবং যতটুকু সম্ভব, নিজেকে উজাড় করে দেয়। সবাইকে গাইড করেন। অনুশীলনে তার উপস্থিতিই বলে দিচ্ছিল উনি কী চান এবং উনি কী দিতে চাচ্ছেন দেশবাসীকে।
সকালে হামজার সাথে ইংল্যান্ড প্রবাসী ফরোয়ার্ড ফারহান আলী ওয়াহিদেরও আসার কথা ছিল, কিন্তু ফ্লাইট বিলম্বের কারণে তিনি সন্ধ্যায় পৌঁছাতে পারেন।












