স্বামী নারায়ণ পুরী মহারাজের ৭৬তম আবির্ভাব উৎসব গত ১৭ অক্টোবর নন্দনকানন তুলসীধাম সহ অদ্বৈত–অচ্যুত মিশনের বিভিন্ন শাখার উদ্যোগে ধর্মীয় আনুষ্ঠানিকতায় উদযাপিত হয়েছে। ঋষিধাম অধিপতি ও তুলসীধামের মোহন্ত দেবদীপ পুরী মহারাজের পৌরহিত্যে এ উপলক্ষে সমাধিপীঠ তুলসীধামে ব্রাহ্মমুহূর্তে মধুসুদন স্তুতি, চতুষ্প্রহর মহানামযজ্ঞ, সমাধিতে গীতাপাঠ ও চণ্ডীপাঠ, গুরুপূজা, পঞ্চাঙ্গ স্বস্ত্যয়ন, দীক্ষাদান, অদ্বৈত–অচ্যুত মিশন চিকিৎসক ফোরামের বিনামূল্যে চিকিৎসা ক্যাম্প, ভোগারতি, দুপুরে প্রসাদ বিতরণ, লায়ন্স ক্লাব অব চিটাগং সেন্ট্রাল এবং লায়ন ডা. দুলাল দাশ ও কাঞ্চনমালা ফাউন্ডেশনের যৌথ উদ্যোগে বস্ত্র বিতরণ, প্রদীপ প্রজ্বালন, অদ্বৈত–অচ্যুত শিল্পীগোষ্ঠীর ভজন পরিবেশন ও তুলসীধাম পরিচালনা পরিষদের সভাপতি অধ্যাপক স্বপন চৌধুরী ও সম্পাদক স্থপতি প্রণত মিত্র চৌধুরীর তত্ত্বাবধানে ধর্মসভা অনুষ্ঠিত হয়। এছাড়া স্বামীজির জন্মপল্লী বাঁশখালীর বাণীগ্রাম, অদ্বৈত–অচ্যুত মিশন যুক্তরাষ্ট্র শাখার প্রার্থনা, কক্সবাজার শাখার বস্ত্র বিতরণ, চকরিয়া শাখা, অদ্বৈত–অচ্যুত ধাম মহেশখালী ও গোরকঘাটা হিন্দুপাড়া শাখা, মহালছড়ি অদ্বৈত–অচ্যুত ধাম পরিচালনা পরিষদের আয়োজনে গুরু মহারাজের আবির্ভাব তিথি উপলক্ষে প্রার্থনা ও ভোগারতির আয়োজন করা হয়। ধর্মসভায় বক্তারা বলেন, স্বামী অদ্বৈতানন্দ পুরী মহারাজ ও স্বামী অচ্যুতানন্দ পুরী মহারাজের বংশ পরম্পরায় ১৯৮৩ সালের ৭ জুন স্বামীদ্বয়ের রেখে যাওয়া আকাশবৃত্তির তীর্থকেন্দ্র বাঁশখালীর ঋষিধাম অধিপতি এবং চট্টলার নন্দনকাননস্থ তুলসীধামের মোহন্ত মহারাজ হিসেবে অভিষিক্ত হন চৌধুরী বংশের কুলতিলক শ্রীমৎ স্বামী নারায়ণ পুরী মহারাজ। ব্রহ্মবিদ গুরু সেই দায়িত্ব পালন করে গেছেন ২০১৫ সালের ৯ মার্চ পর্যন্ত। । বিজ্ঞপ্তি।











