রাঙ্গুনিয়ায় কিশোর মফিজ হত্যায় মা ও মৃত যুবকের বিরুদ্ধে মামলা

রাঙ্গুনিয়া প্রতিনিধি | রবিবার , ২৪ মে, ২০২৬ at ১০:১১ পূর্বাহ্ণ

রাঙ্গুনিয়ায় শ্মশানের ভেতর মাটিচাপা অবস্থায় কিশোর মো. মফিজের (১৫) মরদেহ উদ্ধারের ঘটনায় হত্যা মামলা করা হয়েছে। মামলায় নিহতের মা রুবি আক্তার ও ‘বিষপানে আত্মহত্যা’ করা স্থানীয় যুবক মাহবুব আলম ওরফে মাকু আলমসহ অজ্ঞাতনামা আরও ২৩ জনকে আসামি করা হয়েছে। গতকাল শনিবার নিহত কিশোরের বাবা মো. আবু মুছা বাদী হয়ে দক্ষিণ রাঙ্গুনিয়া থানায় মামলাটি করেন। এ ঘটনায় গ্রেপ্তার মা রুবি আক্তারকে জিজ্ঞাসাবাদের জন্য ১০ দিনের রিমান্ড চেয়ে গতকাল আদালতে পাঠিয়েছে পুলিশ। পুলিশ জানায়, দণ্ডবিধির হত্যা ও লাশ গুমের চেষ্টার অভিযোগে মামলাটি করা হয়েছে। ঘটনাটি অত্যন্ত স্পর্শকাতর হওয়ায় তদন্তে সর্বোচ্চ গুরুত্ব দেওয়া হচ্ছে। হত্যাকাণ্ডের প্রকৃত রহস্য উদ্ঘাটন এবং এই ঘটনার সঙ্গে আর কেউ জড়িত কিনা, তা নিশ্চিত হতে রুবি আক্তারকে রিমান্ডে নিয়ে জিজ্ঞাসাবাদের আবেদন করা হয়েছে। দক্ষিণ রাঙ্গুনিয়া থানার ওসি মো. হিলাল উদ্দিন আহমেদ বলেন, মামলার তদন্ত কার্যক্রম চলছে। ময়নাতদন্তের প্রতিবেদন ও সংগৃহীত সাক্ষ্যপ্রমাণের ভিত্তিতে পরবর্তী আইনগত ব্যবস্থা নেওয়া হবে। উল্লেখ্য, গত ১৬ মে দুধপুকুরিয়া এলাকার নিজ বাড়ি থেকে নিখোঁজ হয় মফিজ। নিখোঁজের ছয় দিন পর গত শুক্রবার সকালে স্থানীয় একটি শ্মশানে তার মাটিচাপা মরদেহ পাওয়া যায়। স্থানীয়দের অভিযোগ, মায়ের বিবাহবহির্ভূত সম্পর্কের বিষয়টি দেখে ফেলায় মফিজকে পরিকল্পিতভাবে হত্যা করা হয়েছে। এই ঘটনার জেরে গত বৃহস্পতিবার প্রধান অভিযুক্ত মাকু আলম বিষপানে আত্মহত্যা করেন বলে জানা গেছে।

পূর্ববর্তী নিবন্ধপ্রতিবেশী হত্যা মামলায় মা ও ছেলের সাজা
পরবর্তী নিবন্ধগ্রাহকদের নিয়ে ‘বনলতা এক্সপ্রেস’-এর বিশেষ প্রিমিয়ার আয়োজন করলো আইপিডিসি