নাহিদ রানাকে নিয়ে অস্ট্রেলিয়ার সতর্কতা

| মঙ্গলবার , ৯ জুন, ২০২৬ at ১০:৫০ পূর্বাহ্ণ

তিন ম্যাচের ওয়ানডে সিরিজের আগে বাংলাদেশের পেস সেনসেশন নাহিদ রানাকে বড় হুমকি হিসেবে মানছেন অস্ট্রেলিয়ার ভারপ্রাপ্ত অধিনায়ক জস ইংলিস। রানাকে সামলানো অস্ট্রেলিয়া দলের সবার জন্য কঠিন হবে বলে মনে করেন তিনি। সমপ্রতি আন্তর্জাতিক ক্রিকেটে গতি দিয়ে নজর কেড়েছেন রানা। টেস্ট ফরম্যাটে রানার হাত ধরে বেশ কয়েকটি ম্যাচে জয়ও পেয়েছে বাংলাদেশ। রানা সম্পর্কে ইংলিস বলেন, ‘আমি তাকে খুব বেশি দেখিনি, তবে যতটুকু দেখেছি, তাকে ভালো বোলার এবং দারুণ সম্ভাবনাময় খেলোয়াড় বলে মনে হয়েছে। সে লম্বা এবং দ্রুতগতিতে বল করে। এটি একটি চমৎকার সমন্বয়। তাকে সামলানো আমাদের সবার জন্য সত্যিই কঠিন হবে।’ ইংলিস জানান, বাংলাদেশে খেলতে পেরে উচ্ছ্বসিত অস্ট্রেলিয়া দল। যা সফরকারী দলের অনেক সদস্যের কাছেই প্রথম সফর। অসি অধিনায়ক বলেন, ‘আমরা বাংলাদেশের সাথে ঘন ঘন খেলি না, বিশেষ করে বাংলাদেশের মাটিতে। আমি এখানে প্রথমবার এসেছি এবং আমি জানি দলের বাকিদেরও কাছে প্রথম। আমরা এই সিরিজটি নিয়ে ভীষণ উত্তেজিত।’প্রথম ওয়ানডের একাদশ ঘোষণার আগে, এখনও পরিস্থিতি খতিয়ে দেখছে অস্ট্রেলিয়া। ইংলিস জানান, বাংলাদেশের মাটিতে সামপ্রতিক হওয়া ম্যাচগুলো থেকে মনে হচ্ছে স্পিনারদের চেয়ে পেসাররা বেশি সহায়তা পেতে পারে। ঘরের মাঠে বাংলাদেশের বোলাররা সুবিধা পেতে পারে এমন পরামর্শ সত্ত্বেও, অস্ট্রেলিয়ার পেস আক্রমণকে সমর্থন জানিয়েছেন ইংলিস। বাংলাদেশের লেগস্পিনার রিশাদ হোসেনকেও হুমকি হিসেবে মানছেন ইংলিস। অসি দলনেতা বলেন, ‘সে খুব ভালো বোলার। আমাদের কয়েকজন বিগ ব্যাশে তার সাথে খেলেছে এবং আমরা অবশ্যই তাকে আলোচনায় রাখবো।’

পূর্ববর্তী নিবন্ধরাঙ্গুনিয়ায় ফকিরখীল ঘরোয়া ফুটবল টুর্নামেন্টের উদ্বোধন
পরবর্তী নিবন্ধজাকিরের সেঞ্চুরিতে বাংলাদেশ ইমার্জিং দলের জয়