সাতকানিয়ায় বন্যায় নৌকাডুবি ও স্রোতের টানে ভেসে যাওয়া ১০ জনের পরিবারকে আড়াই লক্ষ টাকা প্রদান করেছে দুর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয়। গতকাল মঙ্গলবার উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস মৃত্যুবরণকারীদের স্বজনদের নিকট এসব টাকার চেক বিতরণ করেন। এসময় উপজেলা প্রকল্প বাস্তবায়ন কর্মকর্তা (পিআইও) মোহাম্মদ কামরুল হোসাইনও উপস্থিত ছিলেন।
জানা যায়, টানা বর্ষণ ও উজান থেকে নেমে আসা পাহাড়ি ঢলে সাতকানিয়ায় স্মরণকালের সবচেয়ে ভয়াবহ বন্যা হয়। এসময় চরতিতে নৌকাডুবি ও উপজেলার বিভিন্ন স্থানে স্রোতের টানে ভেসে গিয়ে শিশুসহ ১০ জনের মৃত্যু হয়। মৃত্যুবরণকারীরা হলো মো. সাকিব, মো. ইদ্রিচ, বদিউল আলম, জান্নাতুল ফেরদৌস, হেলাল উদ্দিন, শোভা কারণ, আবদুর রহিম, সানজিদা আকতার, মো. ইদ্রিস সওদাগর ও শহীদুল ইসলাম।
এদিকে, মৃত্যুবরণকারী প্রত্যেকের পরিবারের জন্য দূর্যোগ ব্যবস্থাপনা ও ত্রাণ মন্ত্রণালয় থেকে ২৫ হাজার টাকা করে বরাদ্দ প্রদান করা হয়েছে। উপজেলা নির্বাহী কর্মকর্তা মিল্টন বিশ্বাস গতকাল তাঁর কার্যালয়ে বরাদ্দকৃত এসব টাকার চেক হস্তান্তর করেন।











